কলকাতা : তোলাবাজি, জোর করে জমি হাতিয়ে নেওয়া, দুর্নীতি, হুমকি-সহ একাধিক অভিযোগে এন্টালির প্রাক্তন বিধায়ক স্বর্ণকমল সাহা ও বর্তমান বিধায়ক অর্থাৎ তাঁর ছেলে সন্দীপন সাহার বিরুদ্ধে এককাট্টা এলাকাবাসী।
বৃহস্পতিবার সকালে তাঁরা তৃণমূলের এই দুই দুঁদে নেতার বিরুদ্ধে তাঁদের বাড়ির সামনে বিক্ষোভ দেখান। সেখানে উপস্থিত ছিলেন এন্টালির এবারের বিজেপি প্রার্থী প্রিয়ঙ্কা টিবরেওয়াল।
বিক্ষোভকারীদের দাবি, অভিযুক্ত বাবা-ছেলেকে নিয়ে অতিষ্ট এন্টালির একাংশ। দুজনে মিলে লুট করেছে গোটা এলাকায়।
সন্দীপন সাহা কাউন্সিলর ছিলেন, সেসময় থেকেই তাঁর বাড়বাড়ন্ত শুরু। অভিযোগ, একাধিক এলাকায় ফ্ল্যাট-বাড়ি দখল করে টাকা না দেওয়া, জোর করে তোলা আদায়, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা হাতানো-সহ একাধিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত এই দু’জন।
এলাকাবাসীর দাবি, তাঁরা অত্যাচার সহ্য করতে না পেরে এদিন বিক্ষোভ দেখানোর সিদ্ধান্ত নেন। সে মতোই এদিন সকাল পৌনে ৮টা নাগাদ কিছু মানুষ জড়ো হন বিধায়কের বাড়ির সামনে। সেখানে তাঁরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। ওঠে নানা স্লোগানও। বেলা যত গড়ায় ভিড় বাড়তে থাকে, বিক্ষোভ পরিস্থিতি আরও মারাত্মক রূপ নেয়। পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়।

