ভোরের গঙ্গাবিহারে মুগ্ধ প্রধানমন্ত্রী, তিলোত্তমার রূপ দেখে ভাসলেন বারাণসীর স্মৃতিমেদুরতায়

কলকাতা : বাংলার ভোটপ্রচারে এসে এক অন্য মেজাজে ধরা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার সাতসকালে কলকাতার হুগলি নদীতে নৌকাবিহারে বেরোলেন তিনি। ভোরের স্নিগ্ধ আলোয় গঙ্গার শান্ত রূপ এবং তিলোত্তমার সৌন্দর্য দেখে মুগ্ধ প্রধানমন্ত্রী নিজের ক্যামেরায় বেশ কিছু ছবিও বন্দি করেন। পরে সেই ছবিগুলি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে শেয়ার করে কলকাতাবাসীকে চমকে দিয়েছেন তিনি।

সকালে নৌকাবিহার সেরে নিজের ‘এক্স’ হ্যান্ডলে প্রধানমন্ত্রী গঙ্গার সঙ্গে ভারতীয় সভ্যতার গভীর সম্পর্কের কথা তুলে ধরেন। তিনি লেখেন, “প্রত্যেক বাঙালির কাছে গঙ্গা নদী বরাবর বিশেষ ভূমিকা নিয়েছে। বলা যায়, বাংলার আত্মার ভিতর দিয়ে প্রবাহিত হয়েছে এই নদী। তার পবিত্র জলধারায় সভ্যতার অন্তহীন কাহিনি লুকিয়ে রয়েছে। শুক্রবার সকালে কলকাতায় থাকাকালীন আমি কিছুটা সময় কাটালাম হুগলি নদীতে। মা গঙ্গাকে প্রণাম জানানোর সুযোগ পেলাম। একইসঙ্গে মাঝি এবং প্রাতভ্রমণকারীদের সঙ্গেও দেখা হল, শুভেচ্ছা বিনিময় হল।”

বিশেষ করে মাঝিদের কঠোর পরিশ্রমের প্রশংসা করে প্রধানমন্ত্রী আরও জানান, হুগলি নদীর এই সান্নিধ্য তাঁকে বাংলা এবং বাংলার মানুষের জন্য কাজ করতে আরও বেশি অনুপ্রাণিত করেছে। গঙ্গাবক্ষে ভাসতে ভাসতে প্রধানমন্ত্রীর এই স্মৃতিমেদুরতা যেন তাঁর সংসদীয় এলাকা বারাণসীর গঙ্গার ঘাটের কথা মনে করিয়ে দিয়েছে। প্রধানমন্ত্রীর এই বিশেষ মুহূর্ত শহরবাসীর কাছে এক বাড়তি পাওনা হিসেবেই দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 − 3 =