কলকাতা : ব্যাঙ্ক প্রতারণার অভিযোগে আবারও শহর কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে জোরালো তল্লাশি অভিযান শুরু করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শুক্রবার সাতসকালেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পৃথক কয়েকটি দল একযোগে অভিযানে নামে। এ দিন সকালে ইডি-র আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে কলকাতা, হাওড়া, হুগলি এবং আসানসোলে পৌঁছান। এই তল্লাশি অভিযান ২৯০ কোটি টাকার ব্যাঙ্ক প্রতারণা সংক্রান্ত একটি মামলার সঙ্গে যুক্ত।
অভিযোগ, ঝাড়খণ্ডের একটি বিদ্যুৎ কেন্দ্রের টাকা বেআইনিভাবে কলকাতায় পাঠানো হয়েছিল। তদন্তকারীদের দাবি, ভুয়ো সংস্থা গড়ে বিপুল পরিমাণ কালো টাকা সাদা করা হয়েছে এবং সেই সূত্র ধরেই এই তল্লাশি অভিযান।
ইডি সূত্রে খবর, শুক্রবার সকালে তদন্তকারীরা হাওড়ার বিবেক বিহারে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট তরুণ কুমার জৈনের আবাসনে হানা দেন এবং তাঁর বিভিন্ন নথিপত্র পরীক্ষা করে দেখেন। এর পাশাপাশি, হুগলি জেলার উত্তরপাড়ার শিবতলা স্ট্রিটে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট সুদীপ্ত ঘোষের বাড়ি এবং কলকাতার লেকটাউন ও আসানসোলে আরও দুই চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের বাড়িতে কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা টানা তল্লাশি চালান।
এই অভিযানের বিষয়ে উত্তরপাড়ার চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট সুদীপ্ত ঘোষ জানান, আধিকারিকরা আদালতের অনুমতি নিয়েই তাঁর বাড়িতে এসেছেন। ইডি তদন্ত করছে এবং এর সঙ্গে দুর্নীতির কোনও সম্পর্ক নেই। তবে এই তদন্ত কোন অভিযোগের ভিত্তিতে করা হচ্ছে, সে বিষয়ে তিনি স্পষ্টভাবে কিছু বলেননি।
সূত্রের খবর, তদন্তকারীরা খতিয়ে দেখছেন যে ২৯০ কোটি টাকার এই বিশাল আর্থিক লেনদেনে কারা কারা জড়িত এবং ভুয়ো সংস্থার মাধ্যমে কীভাবে টাকা তছরুপ করা হয়েছিল। এই তল্লাশি অভিযানের সময় কোনও গুরুত্বপূর্ণ নথিপত্র বা প্রমাণ উদ্ধার হয়েছে কি না, সে বিষয়ে ইডির তরফ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

