ডার্বির আমেজে ইস্ট-মোহন, বাড়ছে সমর্থকদের প্রত্যাশার চাপ

ডার্বির আগে দুই শিবিরেই সমর্থকদের প্রত্যাশার চাপ। শুক্রবার ডার্বির আগে যুবভারতীর প্র‍্যাক্টিস গ্রাউন্ডের সামনে দুই দলের সমর্থকদেরই ভিড়। বড় ম্যাচের আগে প্রিয় দলকে ও ফুটবলারদের উজ্জীবিত করতেই এসেছেন সমর্থকরা। বৃহস্পতিবার থেকেই ডার্বির প্রস্তুতি শুরু করেছে মোহনবাগান। ইন্টার কাশীর কাছে গোলশূন্য ড্রয়ের পর হতাশা গ্রাস করেছিল মোহনবাগান শিবিরকে। সেই হতাশা কেটে যায় কোচ সের্জিও লোবেরার পেপটকেই। খোশমেজাজেই দেখা যায় মোহনবাগান ফুটবলারদের। গোটা দল অনুশীলন করলেও সংশয় রয়েছে ডিফেন্ডার অভিষেক সিং টেকচামকে নিয়ে। তাঁকে সাইডলাইনেই দেখা গেল, অনুশীলন শেষ হওয়ার কিছু আগে মাঠ ছাড়লেন তিনি। জেমি ম্যাকলারেনকে দেখা গেল পায়ে বরফ বেধে মাঠ ছাড়লেন। তবে অন্দরের খবর, ফিট রয়েছে গোটা মোহনবাগান দল।
ইস্টবেঙ্গলের চিত্রটাও একই রকম। ডার্বির আগে অনুশীলনে সমর্থকদের ভিড়। কোচ অস্কার ব্রুঁজো ও দলের ফুটবলারদের গাড়ি দাঁড় করিয়ে ‘জয় ইস্টবেঙ্গল’ স্লোগান তুললেন লাল-হলুদ সমর্থকরা। অ্যান্টন সজবার্গ, বিপিন সিংরা সেলফি ও অটোগ্রাফের আবদার মেটালেন সমর্থকদের। এদিকে যেমন শারীরিক কসরত দিয়ে অনুশীলন হয়, তেমনই হয়েছে। এছাড়াও ছোট মাঠ করে দুই দলে ভাগ করে অনুশীলন হয়। পাশাপাশি শুটিং অনুশীলন করেন অ্যান্টন-ইউসেফরা। বৃহস্পতিবার জ্বরের কারণে অনুশীলনের মাঝপথেই মাঠ ছেড়েছিলেন গোলকিপার প্রভসুখন গিল। এদিন তিনি পুরো দমে অনুশীলন করলেন। ফলে ফিট রয়েছে গোটা ইস্টবেঙ্গল দলও। ডার্বিতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের অপেক্ষায় ইস্ট-মোহন সমর্থকরা। যদিও খাতায় কলমে ইস্টবেঙ্গল কিছুটা হলেও এগিয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 2 =