কলকাতা : “আবার যদি ওখানে দেশবিরোধী গতিবিধি দেখা যায় বা স্লোগান ওঠে, তা হলে ফের সার্জিক্যাল স্ট্রাইক হবে।’’ শুক্রবার রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ এই মন্তব্য করেন।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আগেও একাধিকবার দেশবিরোধী স্লোগান উঠেছে বলে অভিযোগ করেছিল এবিভিপি। দিলীপবাবুর মুখেও শোনা গিয়েছে সেই সুর।
সার্জিক্যাল স্ট্রাইকের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, ‘আগে এসএফআইয়ের অফিস ভেঙে দেওয়া হয়েছিল। আমাদের লোকেরা সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছিল।
যাদবপুরে তৃণমূল ‘দেশবিরোধীদের পুষেছিল’ বলেও মন্তব্য করেন তিনি।
খুব স্পষ্ট ভাষায় দিলীপবাবু বলে দেন, ‘আগে যখনই এরকম কিছু হয়েছিল, কেউ প্রতিবাদ করেনি। তৃণমূলই ওখানে দেশবিরোধীদের পুষে রেখেছিল।’ এর পরেই রাজ্যে পালাবদলের কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, ‘পরিবর্তন হয়েছে। সব কিছুই হবে। ছ’মাস অপেক্ষা করুন।’
উল্লেখ্য, গত বুধবার রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অরবিন্দ ভবনে জেনারেল বডির মিটিং চলাকালীন এবিভিপি-র সদস্যরা হামলা চালায় বলে অভিযোগ। মুহূর্তের মধ্যে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। বাম মনোভাবাপন্ন ছাত্রছাত্রীদের বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। জখম হন বেশ কয়েক জন। তাঁদের কেপিসি হাসপাতালে চিকিৎসা করানো হয়। পাল্টা বাম সংগঠনগুলির বিরুদ্ধে হামলার অভিযোগ করেছে এবিভিপি।

