রাশিয়ার দাপটে ৪ গোল হজম ক্রিসপিন ছেত্রীর ছাত্রীদের

কলকাতার মাঠে ইতিহাস গড়ার ম্যাচটা জয় দিয়ে স্মরণীয় করে রাখতে পারল না ভারতের মহিলা ফুটবল দল। বৃহস্পতিবার কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে বৃষ্টিভেজা ম্যাচে শক্তিশালী রাশিয়ার কাছে ০-৪ গোলে হারল ভারত। প্রথমার্ধে লড়াইটা বেশ জমিয়ে তুললেও দ্বিতীয়ার্ধে রাশিয়ার একের পর এক আক্রমণের সামনে শেষ পর্যন্ত ভেঙে পড়ে ভারতের রক্ষণ।

ফিফা ক্রমতালিকায় ৬৯ নম্বরে থাকা ভারত শুরু থেকেই রাশিয়ার চেয়ে পিছিয়ে ছিল। রাশিয়া ২৭ নম্বরে। বলের দখল এবং আক্রমণের সংখ্যায় এগিয়ে ছিল রাশিয়াই। তবে ভারতীয় দল রক্ষণাত্মক সংগঠন ধরে রেখে বেশ কিছুক্ষণ প্রতিপক্ষকে আটকে রাখে। মোনালিশা দেবী মোরাংথেম গোলের নীচে একাধিক গুরুত্বপূর্ণ সেভ করেন।

প্রথমার্ধে ভারতের কাছেও গোলের সুযোগ এসেছিল। প্রায় ৩০ মিনিটের মাথায় মালবিকা পি-র সামনে গোল করার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। কিন্তু রাশিয়ার গোলরক্ষক নাতালিয়া সিলিনা দ্রুত বেরিয়ে এসে বিপদ সামলে দেন। পরে লিন্ডা কম সের্তোর কাছেও সুযোগ এসেছিল। তবে গোলের মুখ খুলতে পারেনি ভারত।

৪০ মিনিটে ইআনা শেইনার নিখুঁত শটে এগিয়ে যায় রাশিয়া। ০-১ পিছিয়ে বিরতিতে যায় ভারত। দ্বিতীয়ার্ধে বৃষ্টি আরও বাড়ায় মাঠ পিচ্ছিল হয়ে ওঠে। সেই সুযোগে চাপ বাড়াতে থাকে রাশিয়া।

৬০ মিনিটে অধিনায়ক নাদেঝদা স্মিরনোভার দূরপাল্লার শট মোনালিশা পুরোপুরি আটকাতে পারেননি। ফিরতি বল থেকে গোল করেন কিরা পেতুখোভা। ৬৫ মিনিটে আবার গোল করেন তিনিই। ৮১ মিনিটে ইআনা স্বিস্তুনোভা চতুর্থ গোল করে ভারতের হার নিশ্চিত করেন।

এই ম্যাচে ভারতীয় দলের ৬ জন ফুটবলারের আন্তর্জাতিক অভিষেক হয়েছে। তরুণদের সুযোগ দিয়ে দল গড়ার প্রক্রিয়া শুরু করেছেন কোচ ক্রিসপিন ছেত্রী। ১১ অক্টোবর ফের রাশিয়ার মুখোমুখি হবে ভারত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − 7 =