কলকাতা পুলিশের প্রতিটি ডিভিশনে তৈরি হবে অপরাধ নথি ব্যুরো, নির্দেশ কমিশনারের

কলকাতা : পুলিশের ডিজিটাল পরিষেবা ও পরিকাঠামোকে আরও শক্তিশালী এবং কার্যকর করে তুলতে কলকাতা পুলিশের প্রতিটি ডিভিশনে এবার তৈরি হতে চলেছে ‘ডিভিশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো’ (ডিসিআরবি)। মঙ্গলবার কলকাতা পুলিশের কমিশনার অজয় নন্দ এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছেন। মূলত ‘ইন্টারঅপারেবল ক্রিমিনাল জাস্টিস সিস্টেম’ -এর অধীনে কলকাতা পুলিশের ডিজিটাল ব্যবস্থা সুদৃঢ় করাই এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য।

আইসিজেএস -এর মূল লক্ষ্য হলো থানা, আদালত, সরকারি প্রসিকিউশন, ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি, চিকিৎসা সংক্রান্ত প্রতিষ্ঠান এবং সংশোধনগারগুলির মধ্যে ডিজিটাল মাধ্যমে তথ্যের আদান-প্রদান ও সমন্বয় আরও দ্রুত এবং নিখুঁত করা। নবগঠিত ডি সি আর বি ক্রাইম রেকর্ডস সেকশন, স্টেট ক্রাইম রেকর্ডস ব্যুরো, কলকাতা পুলিশের অন্যান্য বিভাগ এবং ফৌজদারি বিচার ব্যবস্থার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখবে। প্রয়োজনে বিস্তারিত রিপোর্ট পুলিশ সদর দফতের লালবাজারেও পাঠানো হবে।

প্রতিটি ডি সি আর বি-তে সাব-ইন্সপেক্টর , অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর এবং কনস্টেবল সহ প্রায় আট জন পুলিশকর্মী মোতায়েন থাকবেন। এর ফলে বিভিন্ন অপরাধমূলক মামলার ডিজিটাল নথি সংরক্ষণ, তথ্য ব্যবস্থাপনা এবং সমন্বয়ে গতি আসবে বলে মনে করছে লালবাজার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × four =