তিরুবনন্তপুরম : কেরলমে ফের উদ্বেগ বাড়াচ্ছে নিপা ভাইরাস। কোঝিকোড় জেলার রামানাট্টুকারার ৪৩ বছর বয়সি এক ব্যক্তির শরীরে নিপা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। পুণের ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজি শুক্রবারই আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। বর্তমানে ওই রোগীকে আইসোলেটেড ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে এবং তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
স্বাস্থ্য দফতর সূত্রে খবর, ৩০ মে থেকে ১০ জুনের মধ্যে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসা ৭৭ জনকে চিহ্নিত করে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাঁদের মধ্যে ২ জন ‘সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ’ এবং ১৩ জন ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ শ্রেণিতে রয়েছেন। নজরদারিতে থাকা ব্যক্তিদের মধ্যে ৫৮ জন স্বাস্থ্যকর্মী। তবে এখনও পর্যন্ত কারও শরীরে নিপা সংক্রমণের উপসর্গ দেখা যায়নি। সংক্রমণের উৎস খতিয়ে দেখছে প্রশাসন।
এদিকে, নিপা যখন উদ্বেগ বাড়াচ্ছে তখন অভয় দিলেন মন্ত্রী কে মুরলীধরন। নিপা ভাইরাস সংক্রমণ প্রসঙ্গে শনিবার মন্ত্রী কে মুরলীধরন বলেন, “আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি। এর আগে তিরুবনন্তপুরম, মালাপ্পুরম ও কোট্টায়ামের মতো এলাকায় এটি ছড়িয়ে পড়েছিল। তবে এখন তা নিয়ন্ত্রণে রয়েছে। বর্তমানে কোনও বিপজ্জনক পরিস্থিতি নেই, তবে পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখা হচ্ছে।”

