মুখ্যমন্ত্রীর সুন্দরবন সফর বাতিল, হতাশ গোসাবাবাসী

গোসাবা : সব প্রস্তুতি সম্পূর্ণ হলেও শেষ মুহূর্তে বাতিল হল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সুন্দরবন সফর। শনিবার স্বাধীনতা দিবসে গোসাবায় জাতীয় পতাকা উত্তোলনের কথা ছিল মুখ্যমন্ত্রীর। তাঁর সফরকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পাশাপাশি হেলিকপ্টার অবতরণের মহড়াও সম্পন্ন হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত খারাপ আবহাওয়ার কারণে সফর বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়।

মুখ্যমন্ত্রীর আসার খবর পেয়ে গোসাবা-সহ সুন্দরবনের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ এদিন জড়ো হয়েছিলেন। বিশেষ করে দীপাঞ্চলের বিভিন্ন এলাকা থেকে অনেকে এসেছিলেন মুখ্যমন্ত্রীকে একবার চোখের দেখা দেখবেন বলে। কিন্তু সফর বাতিলের খবর ছড়িয়ে পড়তেই তাঁদের মধ্যে হতাশা তৈরি হয়। শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীকে না দেখেই বাড়ি ফিরতে হয় বহু মানুষকে।

এদিন মুখ্যমন্ত্রীর পরিবর্তে গোসাবায় জাতীয় পতাকা উত্তোলন করেন সুন্দরবন উন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী দীপঙ্কর জানা। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রশাসনিক আধিকারিক, জনপ্রতিনিধি এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

প্রশাসনের পক্ষ থেকে আগে থেকেই মুখ্যমন্ত্রীর সফর ঘিরে একাধিক প্রস্তুতি নেওয়া হয়েছিল। নিরাপত্তা ব্যবস্থা থেকে শুরু করে হেলিকপ্টার অবতরণের মহড়া—সবকিছুই সম্পন্ন হয়েছিল। তবে আবহাওয়ার পরিস্থিতির অবনতি হওয়ায় শেষ মুহূর্তে সফর বাতিল করতে হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 3 =