কলকাতা : বিধায়কদের আর্জি বা এলাকার কোনও সমস্যা নিয়ে মন্ত্রীদের ফাইল আর দিনের পর দিন লাল ফিতের ফাঁসে আটকে পড়ে থাকবে না। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই নজিরবিহীন ঘোষণায় সোমবার রীতিমতো শোরগোল পড়ে বিধানসভায়।
বিধায়কদের করা যেকোনও আবেদনের নিষ্পত্তি করতে হবে নির্দিষ্ট সময়সীমার মধ্যে। শুধু তাই নয়, গোটা প্রক্রিয়ার ওপর এবার থেকে সরাসরি নজরদারি চালাবেন স্বয়ং মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর এই নজিরবিহীন ঘোষণায় আজ রীতিমতো শোরগোল পড়ে যায় বিধানসভায়। দলমত নির্বিশেষে শাসক ও বিরোধী, উভয় পক্ষের বিধায়করাই টেবিল চাপড়ে এই সিদ্ধান্তকে স্বাগত জানান।
মুখ্যমন্ত্রী বলেন, মন্ত্রীরা যখন বিধায়ককে চিঠি পাঠাবেন, তখন শুধু ‘ব্যবস্থা নেওয়া হচ্ছে’ বললেই চলবে না। কাজটা ঠিক কতদিনের মধ্যে শেষ করা সম্ভব, সেই নির্দিষ্ট সময়সীমাও জানাতে হবে। আর যদি কোনও কারণে কাজটি করা সম্ভব না হয়, তবে তার স্পষ্ট কারণও ব্যাখ্যা করতে হবে। সব রিপোর্টের একটি করে কপি বাধ্যতামূলকভাবে পাঠাতে হবে মুখ্যমন্ত্রীর দফতরে। মুখ্যমন্ত্রী নিজেই গোটা বিষয়টির ওপর নজরদারি চালাবেন এবং আগামী তিন মাসের মধ্যে সংশ্লিষ্ট বিধায়কের আবেদনের প্রেক্ষিতে সরকারের চূড়ান্ত অবস্থান কী, তা জানিয়ে দেবেন।

