কলকাতা : শনিবার ব্রিগেডে শপথগ্রহণের অব্যবহিত পরেই সরাসরি জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে পৌঁছলেন পশ্চিমবঙ্গের নবনিযুক্ত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার ২৫শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী। এই বিশেষ দিনে রাজ্যের প্রশাসনিক দায়িত্বভার গ্রহণের পর প্রথমেই বিশ্বকবির প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন তিনি।
শনিবার দুপুরে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে পৌঁছে কবিগুরুর মূর্তিতে মাল্যদান করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে কার্যভার নেওয়ার পর তাঁর এই প্রথম কর্মসূচি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। সেখানে উপস্থিত থেকে তিনি কবিগুরুর আবক্ষ মূর্তিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন এবং কিছুক্ষণ সময় অতিবাহিত করেন।
এদিকে রাজভবন সূত্রে খবর, এদিন মুখ্যমন্ত্রীসহ মাত্র ৬ জন শপথ নিলেও মন্ত্রিসভার বাকি সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠান হতে পারে আগামী সোমবার। ওই দিনই রাজভবনে পূর্ণাঙ্গ মন্ত্রিসভার শপথ নেওয়ার সম্ভাবনা রয়েছে।

