বিধানসভার ভোটে কাগজের বদলে ইভিএমের প্রস্তাব মুখ্যমন্ত্রীর

কলকাতা : বিধানসভার আধুনিকীকরণের উপর জোর দিয়ে ভোটাভুটির ক্ষেত্রে পুরনো কাগজের বদলে ইভিএম বা ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহারের প্রস্তাব দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একইসঙ্গে আগামিদিনে সীমানা পুনর্বিন্যাসে (ডিলিমিটেশন) বিভিন্ন কেন্দ্রের আসনসংখ্যা বাড়ার সম্ভাবনার কথা মাথায় রেখে স্পিকারের নেতৃত্বে ও রাজ্য সরকারের সহযোগিতায় একটি নতুন বিধানসভা ভবন নির্মাণের পরিকল্পনার কথা শুক্রবার মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন।

বিরোধী দলের বিধায়কদের প্রশাসনিক কাজে যাতে কোনও অসুবিধা না হয়, সে বিষয়ে রাজ্যের মন্ত্রীদের নির্দিষ্ট নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। অতীতের প্রথা ভেঙে তিনি জানিয়েছেন, বিরোধী দলের বিধায়করা মন্ত্রীদের কাছে সময় চাইলে তাঁদের সময় দিতে হবে। কোনও মন্ত্রী এলাকায় গেলে স্থানীয় বিধায়ক যে দলেরই হোন না কেন, তাঁকে আগাম খবর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মুখ্যমন্ত্রী বলেন, “আপনারা আমাকে চিঠি দিলে দেবেন, প্রাপ্তি স্বীকারও পাবেন এবং কিছুটা ইতিবাচক ফলাফলও পাবেন। আশ্বস্ত থাকুন। ভারতীয় জনতা পার্টি ২১টা রাজ্যে মাননীয় নরেন্দ্র মোদীর মার্গদর্শনে যেভাবে সরকার চালাচ্ছে, এই সরকারও তার অন্যথা করবে না।”

গত তিনদিন ধরে প্রোটেম স্পিকার হিসেবে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের জন্য বর্ষীয়ান নেতা তাপস রায়কে বিশেষ ধন্যবাদ জানান তিনি। সব মিলিয়ে নতুন সরকারের এই প্রথম অধিবেশনে মুখ্যমন্ত্রীর বক্তব্যে এক ইতিবাচক এবং সহযোগিতাপূর্ণ রাজনীতির ছবি ফুটে উঠেছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen + 2 =