নদিয়া : রাস উৎসব উপলক্ষে চৈতন্য মহাপ্রভুর স্মৃতিবিজড়িত নবদ্বীপ নতুন সাজে সেজে উঠেছে। রবিবার সেই উৎসবে যোগ দিতে সেখানে পৌঁছন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী| সেখানে উন্নয়নমূলক বেশ কয়েকটি প্রকল্পের ঘোষণা করেন। তিনি জানান, নবদ্বীপে নদী পারাপারের জন্য একটি স্থায়ী সেতু নির্মাণ করা হবে। এর পাশাপাশি একটি সুসজ্জিত ঘাট তৈরি করা হবে, যেখান থেকে ফেরি পরিষেবা শুরু করা হবে।
উল্লেখ্য, এই ঘাটের নির্মাণকাজ অনেক আগেই শুরু হয়েছিল, কিন্তু এখনও পর্যন্ত তা সম্পন্ন হয়নি। রবিবার মুখ্যমন্ত্রী সেই অসম্পূর্ণ কাজ দ্রুত শেষ করার আশ্বাস দিয়ে বলেন, আগে একটি ঘাট তৈরি করা হয়েছিল, কিন্তু তা চালু নেই। আমি ঘোষণা করে যাচ্ছি, এই ঘাটটিকে সুন্দর ও সুবিন্যস্তভাবে তৈরি করার ব্যবস্থা করা হবে।
মুখ্যমন্ত্রী জানান, যতক্ষণ না স্থায়ী সেতুর নির্মাণকাজ শেষ হচ্ছে, ততক্ষণ মানুষকে লঞ্চ পরিষেবার ওপরই নির্ভর করতে হবে| তবে সেতু তৈরি হওয়ার পরও এই পরিষেবা চালু থাকবে। ফেরি পরিষেবা শুরু হতে আরও মাস দুয়েক সময় লাগবে। তিনি বলেন, কাজ শেষ হওয়ার পর তিনি ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে আবারও নবদ্বীপে আসবেন এবং ফেরি পরিষেবার উদ্বোধন করবেন।
এছাড়াও, তিনি নবদ্বীপে একটি গবেষণা কেন্দ্রের অসম্পূর্ণ কাজ সম্পন্ন করারও ঘোষণা করেন। ভক্তদের সহযোগিতায় গড়ে ওঠা এই কেন্দ্রটি অর্থের অভাবে থমকে রয়েছে। মুখ্যমন্ত্রী এর জন্য দু’ কোটি টাকা বরাদ্দের ঘোষণা করেন। এর পাশাপাশি, স্থানীয় গোশালার সম্প্রসারণের জন্য তিনি এক কোটি টাকা বরাদ্দের ঘোষণা করেন। তিনি আরও বলেন, নবদ্বীপে গুরুকুল ও সংস্কৃত টোল গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে| এর জন্য অর্থের কোনও অভাব হবে না বলেও জানান তিনি।

