নয়াদিল্লি : পশ্চিমবঙ্গে প্রথম দফার নির্বাচনে ৯২ শতাংশেরও বেশি ভোট পড়ায় সন্তোষ প্রকাশ করেছেন বিচারপতি সূর্যকান্ত।
তিনি জানিয়েছেন, ভারতের একজন নাগরিক হিসেবে এই বিপুল ভোটদানের হার দেখে তিনি অত্যন্ত আনন্দিত। তাঁর মতে, মানুষ যখন ভোট দেন, তখন গণতন্ত্র আরও শক্তিশালী হয়। যখন সাধারণ মানুষ তাঁদের ভোটের গুরুত্ব বুঝতে শুরু করেন, তখন তাঁরা আর হিংসার পথে পা বাড়ান না। একইসঙ্গে বিচারপতি বাগচীও মন্তব্য করেছেন যে, নির্বাচনে হিংসার বড় কোনও ঘটনা ঘটেনি।
সলিসিটর জেনারেল তুষার মেহতা ৯২ শতাংশ ভোটদানকে ঐতিহাসিক বলে অভিহিত করেছেন। তিনি জানান, মুষ্টিমেয় কিছু বিচ্ছিন্ন ঘটনা বাদ দিলে নির্বাচন শান্তিপূর্ণই ছিল এবং কেন্দ্রীয় বাহিনীও অত্যন্ত প্রশংসনীয় কাজ করেছে।
এই প্রসঙ্গে বিচারপতি বাগচী আরও একটি তাৎপর্যপূর্ণ মন্তব্য করে বলেন যে, রাজাদের মধ্যে যুদ্ধ হয় ঠিকই, কিন্তু প্রাণ যায় সাধারণ মানুষের।

