কলকাতা : তৃণমূলের মিছিল করতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। এই ঘটনায় পুলিশকে কাঠগড়ায় তুললেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ রাজ্যে উত্তর প্রদেশের থেকেও খারাপ অবস্থা বলে তোপ দাগেন মমতা। শান্তিপূর্ণ মিছিল করলেও মারধর করা হয়েছে বলে অভিযোগ মমতার।
বারুইপুরের ঘটনার প্রতিবাদে মিছিলের অনুমতি পেয়েছিল কালীঘাট তৃণমূল। বুধবার মিছিলের যাত্রাপথ ছিল দক্ষিণ কলকাতার বালিগঞ্জ ফাঁড়ি থেকে শুরু হয়ে হাজরা মোড় পর্যন্ত। কিন্তু মিছিল ঘিরে উত্তেজনা তৈরি হয়। হাজরায় প্রবল ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়।
বুধবার দুপুরে এই মিছিলের শেষে মমতা বলেন, সারা বাংলা জুড়ে তাণ্ডব চলছে। আমাদের উপর অত্যাচার করছে। আমার বাড়ির সামনে দিয়ে বাইক মিছিল যাচ্ছে। আমাকে হুমকি দেওয়া হচ্ছে। পুলিশের মদতেই বিজেপির লোকেরা মিছিলে হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন মমতা। তিনি বলেন, হাই কোর্টের নির্দেশে আমরা মিছিল করেছি। অথচ বাইরে থেকে গুন্ডা এনে হামলা চালানো হয়েছে।

