খড়গপুর : আইআইটি খড়গপুরের প্ল্যাটিনাম জুবিলি উদযাপন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পূর্ববর্তী সরকারগুলির নীতিগত স্থবিরতা এবং সমাজের রক্ষণশীল মানসিকতার কঠোর সমালোচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০১৪ সালে প্রথমবার ক্ষমতায় আসার পর লালকেল্লার প্রাকার থেকে দরিদ্রদের জন্য শৌচাগার নির্মাণের ঘোষণা করায় সংসদে তাঁকে কীভাবে উপহাসের শিকার হতে হয়েছিল, শনিবার খড়গপুর ক্যাম্পাসে দাঁড়িয়ে সেই অভিজ্ঞতার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী।
মানসিক সীমাবদ্ধতা বা ‘লিমিটিং বিলিফস’ কাটিয়ে ওঠার আহ্বান জানিয়ে নরেন্দ্র মোদী বলেন, “প্রায়শই মানুষ নিজের চিন্তাভাবনার ওপর সীমারেখা টেনে দেয়— নিজেদের জন্য একটা গণ্ডি তৈরি করে নেয়— আর এগুলিকেই বলা হয় ‘লিমিটিং বিলিফস’। লিমিটিং বিলিফস কী? এর অর্থ হলো নিজের স্বপ্নের ওপর, নিজের প্রতিভার ওপর, এমনকি নিজের দেশের সম্ভাবনার ওপর সীমা চাপিয়ে দেওয়া। যাঁরা স্থবির ও প্রাণহীন মানসিকতা নিয়ে বেঁচে থাকেন, তাঁরা প্রকৃত অর্থে জীবনকে উপভোগ করতে পারেন না। আমরা আমাদের চিন্তার সীমানাকেই আমাদের পৃথিবীর সীমানা হিসেবে মেনে নিয়েছি। কোনও দেশও কেবল তখনই তার প্রকৃত সামর্থ্যকে চিনতে পারে, যখন সে নিজের চিন্তার সীমাবদ্ধতাকে ভেঙে বেরিয়ে আসে। বিগত কয়েক বছরে ভারত ঠিক সেটাই করে দেখিয়েছে।”
দারিদ্র্য দূরীকরণ এবং স্বচ্ছ ভারত অভিযানের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, “ভারত এখন স্পষ্ট ও দৃঢ় কণ্ঠে ঘোষণা করেছে— ‘সীমা ভাঙুন, সম্ভাবনা উন্মোচন করুন’। আজ থেকে ২০ বছর আগেও আমাদের দেশে দারিদ্র্যকে একটি স্থায়ী সমস্যা হিসেবে ধরে নেওয়া হতো। পাঁচ দশক আগে লালকেল্লার প্রাকার থেকে দারিদ্র্য দূরীকরণের স্লোগান তোলা হতো। কিন্তু যখনই নীতিগত স্তরে পদক্ষেপ নেওয়ার সময় আসত, পুরো ব্যবস্থাটি বিষয়টিকে স্রেফ ফাইলের নিচে চাপা দিয়ে রাখত। এর কারণ ছিল সেই প্রচলিত মানসিকতা, যেখানে মনে করা হতো যে আমাদের দেশের বিপুল জনসংখ্যার কারণে দারিদ্র্য কখনোই দূর করা সম্ভব নয়। দারিদ্র্য নির্মূল করার জন্য সঠিক নীতি কার্যকর করার সাহসও কেউ দেখাননি।”
এরপরই নিজের প্রথম মেয়াদের অভিজ্ঞতার কথা স্মরণ করে নরেন্দ্র মোদী বলেন, “আমরা যখন প্রথম ক্ষমতায় আসি, তখন আমি লালকেল্লা থেকে ঘোষণা করেছিলাম যে আমি দেশের গরিব মানুষের জন্য শৌচাগার তৈরি করব। সংসদে মানুষ এই নিয়ে উপহাস করে বলেছিলেন, ‘ইনি কেমন প্রধানমন্ত্রী? উনি শৌচাগার বানানোর কথা বলছেন!’
সেই সমস্ত মানুষ বুঝতে ব্যর্থ হয়েছিলেন যে একটি শৌচাগার কতটা অপরিহার্য, এবং গরিব মানুষের জন্য, বিশেষ করে দরিদ্র মা ও বোনেদের সম্মান ও সুরক্ষার জন্য এটি কতটা গুরুত্বপূর্ণ।” প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে আসে, সেই পুরোনো এবং সংকীর্ণ মানসিকতার গণ্ডি ভেঙে বেরিয়ে আসার ফলেই আজ ভারত উন্নয়নের এক নতুন শিখরে পৌঁছতে সক্ষম হয়েছে।

