শিলিগুড়ি : রাজনৈতিক মহলে জল্পনা বাড়িয়ে শিলিগুড়িতে গোর্খা জনমুক্তি মোর্চার প্রধান বিমল গুরুঙের সঙ্গে বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার সকালে শিলিগুড়ির কাছে সুকনায় একটি রিসর্টে বৈঠকের আয়োজন করা হয়।
সেখানে ছিলেন দার্জিলিঙের সাংসদ রাজু বিস্তা এবং পাহাড়ের বিজেপি বিধায়কেরা। বিমলের দলের রোশন গিরি, জিএনএলএফ সুপ্রিমো তথা সুভাষ ঘিসিঙের পুত্র মন ঘিসিংও এই বৈঠকে যোগ দেন।
মূলত ত্রিস্তরীয় এই বৈঠককে পাহাড়ের রাজনীতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। শনিবার সকালেই গুরুত্বপূর্ণ এই বৈঠক করেন অমিত শাহ। সূত্রের খবর, বিমলদের সঙ্গে বৈঠকে পাহাড়ের সমস্যা নিয়ে আলোচনা করতে পারেন অমিত শাহ।

