পোড়েলের ১৪৯, সুদীপের ১৩৩-এ বড় লিড বাংলার, দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট খুইয়ে চাপে দিল্লি

ব্যাট হাতে সুদীপকুমার ঘরামি ও অভিষেক পোড়েলের শতরানে দিল্লির বিরুদ্ধে প্রথম ইনিংসে ৪২৯ রান তুলেছে বাংলা। দুই ব্যাটারের বড় ইনিংসের উপর ভর করে এগোলেও দলের বাকি ব্যাটাররা বড় রান করতে পারেননি। দিল্লি প্রথম ইনিংসে ২৪০ রানে শেষ হওয়ায় ১৮৯ রানের লিড পায় বাংলা। তৃতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে দিল্লির রান তিন উইকেটে ১০১। এখনও ৮৮ রানে পিছিয়ে তারা।
ঘরামি ২৩৫ বল খেলে ১৩৩ রান করেন। তাঁর ইনিংসে ছিল ১৯টি চার। পোড়েল খেলেন ২২৮ বলের ইনিংস, করেন ১৪৯ রান। তাঁর ব্যাট থেকে আসে ১৭টি চার ও একটি ছয়। অধিনায়ক ঈশ্বরণ ৩৪ রান করে শুরুতে দলের ভিত গড়েন। সুমন্ত গুপ্ত ৬২ বলে ৫০ রান করেন। অঙ্কুর পাল ১৭ এবং সুদীপ চট্টোপাধ্যায় দু’রান করে ফেরেন। আমির গনি ১১ রানে অপরাজিত থাকেন। প্রদীপ্ত প্রামাণিক পাঁচ, আকাশ দীপ এক এবং শামি ও মুকেশ কুমার শূন্য রানে আউট হন। অতিরিক্ত ২৭ রান যোগ হয়ে বাংলার ইনিংস শেষ হয় ১১২ ওভারে।
দিল্লির বোলারদের মধ্যে বাদোনি ছিলেন সবচেয়ে কার্যকর। তিনি ১৮ ওভারে তিনটি মেডেন-সহ ৪৩ রান দিয়ে পাঁচ উইকেট নেন। সাইনি ও মেহরা দু’টি করে উইকেট পান। হৃতিক শোকিনের ঝুলিতে একটি উইকেট।
দিল্লির প্রথম ইনিংসে শোকিনের ৫৬ ও দোসেজার ৪৬ রান উল্লেখযোগ্য। শামি চার উইকেট নিয়ে দিল্লির ব্যাটিংয়ে ধাক্কা দেন। আমির গনি তিনটি এবং আকাশ দীপ দু’টি উইকেট নেন।
দিল্লির দ্বিতীয় ইনিংসে বাদোনি ও রাওয়াতের অপরাজিত জুটি ৪২ রান যোগ করেছে। বাদোনি ২৪, রাওয়াত ২৫ রানে ব্যাট করছেন। প্রদীপ্ত একটি উইকেট পেয়েছেন। চতুর্থ দিনে দ্রুত উইকেট তুলে নিয়ে ম্যাচে নিজেদের অবস্থান আরও মজবুত করতে চাইবে বাংলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 5 =