কলকাতা : “লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথীর মতো পূর্বতন সরকারের সামাজিক প্রকল্প কি বন্ধ হয়ে যাবে”? পশ্চিমবঙ্গে রাজ্য সরকারের পালাবদলের পর সেটাই ছিল লাখ টাকার প্রশ্ন। তবে সোমবার নবান্নে মন্ত্রিসভার প্রথম বৈঠকের পর সাধারণ মানুষের মনের শঙ্কা ওড়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সাফ জানিয়ে দিলেন, “কোনও সরকারি প্রকল্পের সুবিধা বন্ধ হবে না।”
তিনি জানান, “প্রতিটি সরকারি প্রকল্পের সুবিধা চালু থাকবে। তবে প্রতিক্ষেত্রে স্বচ্ছতা আনা হবে। কোনও মৃত ব্যক্তি প্রকল্পের সুবিধা পাবেন না। এছাড়া কোনও ‘অভারতীয়’কেও সামাজিক প্রকল্পের সুবিধা দেওয়া হবে না।”
প্রসঙ্গত, তৃণমূল সরকারের আমলে সবচেয়ে বেশি জনপ্রিয় ছিল দু’টি জনমুখী প্রকল্প। একটি লক্ষ্মীর ভাণ্ডার এবং দ্বিতীয়টি স্বাস্থ্যসাথী। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে রাজ্যের প্রায় প্রত্যেক মহিলা প্রতি মাসে ১ হাজার ৫০০ টাকা করে পেতেন। তফশিলি জাতি ও উপজাতির মহিলারা পান ১ হাজার ৭০০ টাকা করে। এছাড়া স্বাস্থ্যসাথী প্রকল্পে বছরে ৫ লক্ষ টাকার স্বাস্থ্যবিমা চালু ছিল।

