বাংলায় বিনিয়োগে আগ্রহী অস্ট্রেলিয়ার শিল্পমহল, খনি থেকে পরমাণু শক্তি একাধিক ক্ষেত্রে সহযোগিতার ইঙ্গিত

কলকাতা : পশ্চিমবঙ্গে বিনিয়োগের নতুন সম্ভাবনা খতিয়ে দেখতে রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্যের সঙ্গে বৈঠক করলেন ভারতে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার ফিলিপ গ্রিন। সৌরশক্তি, পরমাণু বিদ্যুৎ, খনিশিল্পের পাশাপাশি রাজ্যে একটি বড় বিশ্ববিদ্যালয় গড়ে তোলার সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছে। বৈঠকের পর দুই পক্ষের বক্তব্যে স্পষ্ট, পশ্চিমবঙ্গের শিল্প ও শিক্ষাক্ষেত্রে সহযোগিতার নতুন পথ খুঁজছে অস্ট্রেলিয়া।

বৈঠককে ফলপ্রসূ বলে উল্লেখ করে শমীক ভট্টাচার্য জানান, প্রথমে অস্ট্রেলিয়া সরকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে সাম্প্রতিক আলোচনার বিষয়গুলি তাঁদের জানানো হয়। তাঁর কথায়, ভারত ও অস্ট্রেলিয়ার সম্পর্ক বর্তমানে যথেষ্ট ভালো। পশ্চিমবঙ্গের পরিবর্তিত পরিস্থিতিতে রাজ্যে বিনিয়োগের বিষয়ে অস্ট্রেলিয়ার একাধিক শিল্পপতি আগ্রহ দেখাচ্ছেন। সেই আগ্রহের কথাই তাঁরা বৈঠকে তুলে ধরেছেন।

শমীক জানান, সৌরশক্তি ও পরমাণু বিদ্যুৎ-সহ বিভিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি রাজ্যে একটি বড় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিষয়েও অস্ট্রেলিয়ার তরফে আগ্রহ প্রকাশ করা হয়েছে। বৈঠকে ইসলামি সন্ত্রাসবাদ এবং বিশ্বসমাজের সামনে থাকা এই চ্যালেঞ্জ মোকাবিলায় অস্ট্রেলিয়ার পদক্ষেপ নিয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি।

অন্যদিকে, ফিলিপ গ্রিন বলেন, পশ্চিমবঙ্গে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে এবং এখানে বিনিয়োগের নতুন সুযোগ তৈরি হচ্ছেনা এই বার্তা অস্ট্রেলিয়ার শিল্পমহলের কাছে পৌঁছে দেবেন তিনি। রাজ্যের সভাপতি এবং পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতায় এই সম্ভাবনাগুলি বাস্তবায়নের পথ খোঁজা হবে বলেও জানান তিনি।

আগামী মাসে ভারতে অনুষ্ঠিত হতে চলেছে আইএমই খনি সম্মেলন। গ্রিনের কথায়, এটি ভারতের বৃহত্তম খনি সম্মেলন। সেখানে অস্ট্রেলিয়ার এযাবৎকালের বৃহত্তম প্রতিনিধিদল অংশ নেবে। ৫০টিরও বেশি অস্ট্রেলীয় সংস্থা ওই সম্মেলনে যোগ দিতে আসছে। খনিশিল্পের যে ক্ষেত্রগুলিতে পশ্চিমবঙ্গ সরকারের আগ্রহ রয়েছে, সেগুলিতে কাজের সম্ভাবনা খতিয়ে দেখতে ওই সংস্থাগুলির সঙ্গে রাজ্য সরকারের যোগাযোগ করিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।

পরমাণু শক্তির ক্ষেত্রেও সহযোগিতার সম্ভাবনা রয়েছে বলে জানান অস্ট্রেলিয়ার হাইকমিশনার। তাঁর বক্তব্য, ভারতকে ইউরেনিয়াম বিক্রির ক্ষেত্রে অস্ট্রেলিয়ার সামনে এখন পথ খোলা রয়েছে। পশ্চিমবঙ্গে যদি পরমাণু বিদ্যুৎকেন্দ্র গড়ে ওঠে, তবে তা দুই দেশের সহযোগিতার আর একটি ক্ষেত্র হতে পারে। বৈঠকে বিভিন্ন ব্যবসায়িক সম্ভাবনা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলেও জানান ফিলিপ গ্রিন।

রাজ্যে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে এই বৈঠকে একদিকে যেমন খনি ও জ্বালানি ক্ষেত্রে সহযোগিতার কথা উঠে এসেছে, তেমনই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মতো শিক্ষাক্ষেত্রের প্রস্তাবও আলোচনায় জায়গা পেয়েছে। তবে এই আগ্রহের কতটা বাস্তব বিনিয়োগ বা প্রকল্পে রূপ নেয়, এখন সেদিকেই নজর থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *