নয়াদিল্লি : ভারতের পাঁচটি রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল স্পষ্ট হতেই দেশের রাজনৈতিক মানচিত্রে বড়সড় রদবদল দেখা যাচ্ছে। সোমবার রাত ৮টা পর্যন্ত পাওয়া নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গ ও অসমে বিজেপি এবং এনডিএ-র জয়জয়কার হলেও, দক্ষিণে কেরলম ও তামিলনাড়ুতে ক্ষমতা হারাল বিদায়ী শাসকদল। পুডুচেরিতেও ফের ক্ষমতায় ফিরছে এনআর কংগ্রেস ও বিজেপি জোট।
পশ্চিমবঙ্গের ২৯৩টি আসনের মধ্যে বিজেপি ঐতিহাসিক জয় ছিনিয়ে নিয়েছে। ম্যাজিক ফিগার ১৪৭ পার করে বিজেপি বর্তমানে ২০৮টি আসনে জয়ী বা এগিয়ে রয়েছে। অন্যদিকে, তৃণমূল কংগ্রেস থমকে গিয়েছে মাত্র ৮১টি আসনে। বাম ও কংগ্রেস কার্যত নিশ্চিহ্ন হওয়ার পথে; কংগ্রেস ২ এবং সিপিআই(এম) মাত্র ১টি আসনে এগিয়ে। শতাংশের হিসেবে বিজেপি পেয়েছে ৪৫.৭৫% ভোট এবং তৃণমূল ৪০.৮২%।
তামিলনাড়ু : দাপট দেখাল অভিনেতা বিজয়ের দল
তামিলনাড়ুতে ২৩৪টি আসনের মধ্যে রাজনৈতিক চমক দেখিয়েছেন সুপারস্টার বিজয়। তাঁর দল টিভিকে ১০৬টি আসন পেয়ে একক বৃহত্তম দল হিসেবে উঠে এসেছে। শাসকদল ডিএমকে পেয়েছে ৬০টি এবং এআইএডিএমকে ৪৭টি আসন। বিজেপির ঝুলিতে গিয়েছে ১টি আসন।
অসম: হ্যাটট্রিকের পথে বিজেপি জোট
১২৬ আসনের অসমে টানা তৃতীয়বার ক্ষমতায় ফিরছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। তারা মোট ১০২টি আসনে এগিয়ে রয়েছে (বিজেপি ৮২, এজিপি ১০, বিপিএফ ১০)। কংগ্রেস পেয়েছে মাত্র ১৯টি আসন। এখানে বিজেপির জোট প্রায় ৪৮ শতাংশের বেশি ভোট পেয়ে নিরঙ্কুশ আধিপত্য বজায় রেখেছে।
কেরলম : ১০ বছর পর ফিরল ইউডিএফ
কেরলে দীর্ঘ প্রতীক্ষার পর বামেদের সরিয়ে ক্ষমতায় ফিরছে কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ জোট। ১৪০টি আসনের মধ্যে তারা ৯৭টি আসনে জয়ী বা এগিয়ে (কংগ্রেস ৬৩, মুসলিম লিগ ২২)। ক্ষমতাসীন বাম জোট পেয়েছে মাত্র ৩৬টি আসন। অন্যদিকে, বিজেপি ৩টি আসনে জয়ী হয়ে খাতা খুলেছে।
পুডুচেরি : এনডিএ-র জয়জয়কার
৩০ আসনের পুডুচেরিতে অল ইন্ডিয়া এনআর কংগ্রেস ও বিজেপির জোট ১৮টি আসন পেয়ে সরকার গঠন নিশ্চিত করেছে। ডিএমকে ৬টি এবং কংগ্রেস মাত্র ১টি আসন পেয়েছে। টিভিকে এখানেও ২টি আসনে সফল হয়েছে।
সাতটি আসনের উপনির্বাচনেও বিজেপির পাল্লা ভারী। মহারাষ্ট্রের বারামতী কেন্দ্র থেকে এনসিপি-র সুনেত্রা পাওয়ার বড় ব্যবধানে জিতেছেন। এছাড়া গুজরাত, নাগাল্যান্ড ও ত্রিপুরার উপনির্বাচনে জিতেছে বিজেপি। অন্যদিকে, কর্ণাটকের দুটি আসনেই জয় পেয়েছে কংগ্রেস।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ২০২৬-এর এই নির্বাচনে বিজেপির বাংলায় জয় এবং দক্ষিণে নতুন শক্তির উত্থান ভারতের ভবিষ্যৎ রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করল।

