মালদা হিংসা মামলায় এনআইএ-র হাতে আরও এক অভিযুক্ত গ্রেফতার

নয়াদিল্লি : পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে মালদা জেলায় বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন (এসআইআর) অভিযান চলাকালীন হিংসা, পথ অবরোধ এবং বিচার বিভাগীয় আধিকারিকদের আটকে রাখার ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেফতার করল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। ধৃত অভিযুক্তের নাম সায়েম চৌধুরী ওরফে বাবু চৌধুরী। তিনি মালদার মোথাবাড়ি এলাকার একজন স্থানীয় রাজনৈতিক নেতা হিসেবে পরিচিত।

এনআইএ বৃহস্পতিবার জানিয়েছে, কলকাতায় সংস্থার শাখা কার্যালয়ে জিজ্ঞাসাবাদের পর সায়েম চৌধুরীকে হেফাজতে নেওয়া হয়। এই মামলায় এ পর্যন্ত মোট ৩০ জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

তদন্তকারী সংস্থা সূত্রে খবর, বিধানসভা নির্বাচনের আগে মালদা জেলায় ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের সময় তাণ্ডব, হিংসা এবং বিচার বিভাগীয় আধিকারিকদের বেআইনিভাবে আটকে রাখার ঘটনা সংক্রান্ত এক ডজনেরও বেশি মামলার তদন্ত চলছে।

তদন্তে জানা গেছে, গত ১ এপ্রিল ব্লক-২ এর বিডিও অফিসে বিচার বিভাগীয় আধিকারিকদের বেআইনিভাবে আটকে রাখার ঘটনায় সায়েম চৌধুরী অন্যতম প্রধান অভিযুক্ত। তিনি সেই মারমুখী ভিড়ের অংশ ছিলেন, যা আইন-শৃঙ্খলা বিঘ্নিত করেছিল এবং ডিউটিতে থাকা পুলিশকর্মীদের ওপর হামলা চালিয়েছিল। ওই হামলায় ৯ জন পুলিশকর্মী জখম হন।

এনআইএ-র দাবি, ঘটনার আগের দিন অভিযুক্ত ব্যক্তি বিডিও অফিসের সামনে উস্কানিমূলক ভাষণ দিয়ে মানুষকে হিংসাত্মক প্রদর্শনের জন্য প্ররোচিত করেছিলেন। তিনি অন্যান্য সহ-অভিযুক্তদের সাথে মিলে ষড়যন্ত্রতে লিপ্ত হন এবং এসআইআর অভিযান চলাকালীন হিংসা, হুমকি ও সরকারি কাজে বাধা দেওয়ার মতো বেআইনি কার্যকলাপে সক্রিয় ভূমিকা পালন করেন।

এনআইএ জানিয়েছে, এপ্রিলে মালদায় ঘটে যাওয়া ব্যাপক নির্বাচন-পূর্ব হিংসার নেপথ্যে থাকা বৃহত্তর ষড়যন্ত্রের হদিশ পেতে এবং সমস্ত অভিযুক্তদের চিহ্নিত করতে তদন্ত জারি রয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশে এই মামলাগুলির তদন্ত শুরু করেছিল কেন্দ্রীয় সংস্থাটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 + eighteen =