কলকাতা : কলকাতায় এলেন অভিনেতা অনুপম খের। রবিবার সকালে বিমানবন্দরে নামেন তিনি। সেখান থেকে সোজা যান কালীঘাট মন্দিরে। মা কালীর পুজো দেন অভিনেতা। জানা গিয়েছে, একটি নাটকে অভিনয় করতে কলকাতায় এসেছেন তিনি। এদিন সকালে কালীঘাট মন্দিরে পুজো দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হন অনুপম।
তিনি বলেন, “আমি দেশের সমৃদ্ধি ও শান্তির জন্য প্রার্থনা করেছি; সবার সাফল্য, সুস্বাস্থ্য এবং তাদের বাবা-মায়ের দীর্ঘায়ুর জন্য প্রার্থনা করেছি। মা কালীর মন্দিরে এলে সবসময়ই খুব ভালো লাগে, আর আজকের এই সফরটি আরও বিশেষ। ইদানীং কলকাতার পরিবেশটা দারুণ।”
নারীশক্তির ক্ষমতায়ন প্রসঙ্গে অনুপম বলেন, “আমি অত্যন্ত আনন্দিত। আমাদের পরিবারে নারীরা সবসময়ই ক্ষমতায়িত—এখানে তাঁদের প্রতিনিধিত্ব কেবল ৩৩ শতাংশ নয়, বরং ৮০ শতাংশ। আমাদের জীবনে মা ও স্ত্রীরা সবসময়ই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছেন। আমি মনে করি, এই বিলটি অবশ্যই পাস হওয়া উচিত, কারণ নারীর ক্ষমতায়ন অত্যন্ত জরুরি।”

