রক্ষাকবচের আর্জি জানালেন ফেরারি অভিযুক্ত টুলু মণ্ডল

কলকাতা : অন্তরালে থেকেই এবার রক্ষাকবচের আর্জি জানালেন টুলু মণ্ডল। বুধবার কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন তিনি। বিচারপতি সৌগত ভট্টাচার্যর এজলাসে মামলা দায়ের হয়।

ভগ্নিপতি মিনার মণ্ডল গ্রেফতার হওয়ার পর থেকেই অন্তরালে টুলু মণ্ডল। বিদেশে গিয়ে গা ঢাকা দিয়েছেন বলেই মনে করা হচ্ছে। ইতিমধ্যে পাহাড়প্রমাণ সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। টুলুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি হয়েছে। টুলুর মাথায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত না থাকলে বিপুল সম্পত্তি থাকা সম্ভব নয় বলেও দাবি শুভেন্দু অধিকারীর। সেই টুলুর খোঁজে হন্যে তদন্তকারীরা। এই পরিস্থিতিতে হাই কোর্ট তাকে রক্ষাকবচ দেয় কিনা, সেটাই দেখার।

প্রসঙ্গত, গত ৩১ জুলাই টুলু মণ্ডলের বিপুল সম্পত্তির খতিয়ান দেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, বিভিন্ন অ্যাকাউন্টে ৯৩ কোটি টাকা ছিল টুলুর। এছাড়া নগদ পাওয়া গিয়েছে ৫৩ লক্ষ টাকা। রয়েছে ২৬৮ গ্রাম সোনা, ৪০০ গ্রাম রুপো ও ৬৩ গ্রাম প্ল্যাটিনাম।

৮৩টি ট্রাক ও ডাম্পার। বিএমডব্লিউ, অডি মিলিয়ে মোট ২৪২টি গাড়ি রয়েছে। শুভেন্দু আরও জানান, টুলুর মোট ২১টি সম্পত্তি রয়েছে। তার মধ্যে রয়েছে ৭টি বাড়ি, ১টি ফার্মহাউস, ২টি পেট্রল পাম্প, ১টি পার্কিং, ২টি ক্রাশার। সবমিলিয়ে ৩০০ বিঘা সম্পত্তি রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + three =