কলকাতা : পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের পর এই প্রথম বড়সড় রাজনৈতিক কর্মসূচিতে বেরিয়ে তীব্র জনরোষের মুখে পড়লেন তৃণমূল কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার দক্ষিণ ২৪ পরগনা জেলার সোনারপুরে ভোট-পরবর্তী হিংসায় ক্ষতিগ্রস্ত দলীয় কর্মীদের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে তাঁকে নজিরবিহীন বিক্ষোভের সম্মুখীন হতে হয়। বিক্ষোভকারীরা তাঁর গাড়ি আটকে কালো পতাকা দেখানোর পাশাপাশি ‘চোর-চোর’ এবং ‘গো ব্যাক’ স্লোগান দিতে শুরু করে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, তৃণমূল সাংসদকে লক্ষ্য করে ডিম এবং জুতো পর্যন্ত ছোড়া হয় বলে অভিযোগ।
প্রত্যক্ষদর্শীদের দাবি, সোনারপুরে প্রবেশের পর পরিস্থিতি বেগতিক দেখে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর চারচাকা গাড়ি ছেড়ে মোটরসাইকেলে চেপে এগোতে শুরু করেন। কিন্তু বিক্ষোভকারীদের ভিড় তাঁর রাস্তা আটকে দাঁড়ায়। ধাক্কাধাক্কির মধ্যে তাঁর শার্টের বোতাম ছিঁড়ে যায় বলেও খবর। সুরক্ষার খাতিরে শেষ পর্যন্ত তিনি মাথায় একটি ক্রিকেট হেলমেট পরে নেন এবং সেই অবস্থাতেই নিজের কর্মসূচি বজায় রাখেন।জানা গেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সোনারপুরে পৌঁছানোর আগে থেকেই বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়াতে শুরু করে।
পাটুলির ঢালাই ব্রিজ থেকে শুরু করে সোনারপুরের কামরাবাদ এলাকা পর্যন্ত বিভিন্ন মোড়ে মোড়ে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) কর্মী-সমর্থকরা কালো পতাকা হাতে নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন।উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের প্রায় তিন সপ্তাহ পর এটিই ছিল অভিষেকের প্রথম বড় কোনও রাজনৈতিক কর্মসূচি। সোনারপুর ও বেলেঘাটায় ভোট-পরবর্তী হিংসায় আক্রান্ত তৃণমূল কর্মীদের পরিবারের পাশে দাঁড়াতেই তাঁর এই সফর ছিল।
সোনারপুরে এই নজিরবিহীন বিক্ষোভের সময় বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার আপ্রাণ চেষ্টা চালায়। এই ঘটনার পর এলাকার রাজনৈতিক পারদ এক ধাক্কায় অনেকটাই চড়ে গেছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় পুলিশি নজরদারি ও সতর্কতা আরও বাড়ানো হয়েছে।

