কলকাতা : তাপমাত্রার পতনে মৃদু শীতের আমেজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। পশ্চিমের জেলাগুলিতে ঠান্ডা একটু বেশিই অনুভূত হচ্ছে। তবে, শীতের পথে বাধা হতে পারে বঙ্গোপসাগরে সৃষ্টি হতে চলা ঘূর্ণিঝড়। এর প্রভাবে বুধবারই দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টি হতে পারে। উপকূল সংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টিও হতে পারে। রবিবাসরীয় সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৪ ডিগ্রি বেশি।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরের ওপর নতুন করে ঘূর্ণিঝড় তৈরি হতে চলেছে। তা শক্তি বাড়িয়ে তীব্র আকার নিতে পারে। নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের প্রভাবে দক্ষিণবঙ্গের কিছু জেলায় ঝড়বৃষ্টি হবে। ভিজবে কলকাতাও। ঘূর্ণিঝড় শক্তি সঞ্চয় করে বুধবার ভোরের দিকে তীব্র আকার নিতে পারে। কলকাতায় বৃষ্টি শুরু হয়ে যাবে বুধবার থেকে। চলবে অন্তত শনিবার পর্যন্ত।
বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়া বইতে পারে। কোথাও কোথাও হাওয়ার বেগ থাকতে পারে ৪০ থেকে ৫০ কিলোমিটার। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই সেই পূর্বাভাস রয়েছে। তবে কিছু কিছু জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে।

