প্রয়াত পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত শতায়ু সারিন্দা শিল্পী মঙ্গলাকান্ত রায়, ময়নাগুড়িতে শোকের ছায়া

জলপাইগুড়ি : প্রয়াত হলেন দেশের বিশিষ্ট সারিন্দা বাদক তথা পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত প্রবীণ শিল্পী মঙ্গলাকান্ত রায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০৪ বছর। বৃহস্পতিবার গভীর রাতে উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির ধাউলাগুড়ি এলাকার নিজস্ব বাসভবনেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর প্রয়াণে সাংস্কৃতিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েক মাস ধরেই ক্যান্সারের মতো মারণ রোগে ভুগছিলেন এই শতায়ু শিল্পী। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় মাঝে কিছুদিন তাঁকে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালেও ভর্তি রাখা হয়েছিল। পরে চিকিৎসকদের পরামর্শে তাঁকে বাড়িতে নিয়ে আসা হয়। বৃহস্পতিবার রাতে ১০৪ বছর বয়সে নিজের বাড়িতেই শেষ জীবনাবসান হয় এই গুণী শিল্পীর।

লুপ্তপ্রায় লোকবাদ্যযন্ত্র ‘সারিন্দা’ বাদনে তাঁর অসামান্য দক্ষতার স্বীকৃতিস্বরূপ ভারত সরকার তাঁকে দেশের অন্যতম সর্বোচ্চ নাগরিক সম্মান ‘পদ্মশ্রী’ পুরস্কারে ভূষিত করেছিল। অত্যন্ত সাধারণ জীবনযাপনে অভ্যস্ত এই প্রবীণ শিল্পী আমৃত্যু উত্তরবঙ্গের লোকসংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে কাজ করে গেছেন। তাঁর প্রয়াণে লোকশিল্পের জগতের একটি সোনালী অধ্যায়ের অবসান হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 3 =