কলকাতা : মুখ্যমন্ত্রী হিসেবে এই প্রথমবার রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দেন শুভেন্দু অধিকারী। ছিলেন রাজ্যের মন্ত্রী, সাংসদ, বিধায়কেরা। জাতীয় স্তোত্র ‘বন্দে মাতরম’-এর প্রতি শ্রদ্ধা জানিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন তিনি। বেজে ওঠে জাতীয় সঙ্গীত ‘জন গণ মন’।
স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘বিকশিত পশ্চিমবঙ্গ না হলে বিকশিত ভারত অসম্পূর্ণ।’ রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে পশ্চিমবঙ্গকে রাষ্ট্রবাদের ভূমি বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ক্ষুদিরাম বসু থেকে শুরু করে মাতঙ্গিনী হাজরার উদাহরণ দিয়ে স্বাধীনতা সংগ্রামীদের স্মরণ করেন তিনি। উল্লেখ করেন রবীন্দ্রনাথ ঠাকুর, ঋষি অরবিন্দের ভূমিকাও।
রাজনৈতিক সংকীর্ণতা দূরে সরিয়ে রেখে বাংলা গড়ার কাজে সবাইকে যোগ দেওয়ার আহ্বান জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার রেড রোড থেকে তিনি বলেন, ‘রাজনৈতিক সংকীর্ণতা দূরে সরিয়ে রেখে, আসুন হাতে হাত মিলিয়ে বাংলা গড়ার কাজ করি।’

