কলকাতা : সন্দেশখালিতে আরও একবার শেখ শাহজাহানের পরিবারের বিরুদ্ধে জমি সংক্রান্ত অভিযোগ সামনে এল। এবার জমি লিজের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে শেখ শাহজাহানের স্ত্রী শেখ সাবিনার বিরুদ্ধে। বসিরহাটের ন্যাজাট থানার অন্তর্গত আগরহাটি গ্রাম পঞ্চায়েতের সরবেড়িয়া এলাকার জনজাতি সম্প্রদায়ের বাসিন্দা শিবু সর্দার অভিযোগ করেছেন যে, তাঁর প্রায় সাড়ে আট বিঘা জমি লিজ নেওয়ার নামে দীর্ঘদিন ধরে টাকা বকেয়া রাখা হয়েছে। বকেয়া টাকা চাইতে বারবার শেখ সাবিনার কাছে যাওয়া সত্ত্বেও কোনও সুরাহা হচ্ছে না।
শিবু সর্দারের অভিযোগ, পাঁচ বছরের জন্য জমি লিজ নেওয়ার কথা বলে চুক্তি করা হয়েছিল, কিন্তু তাঁর কাছ থেকে ২০ বছরের লিজের এগ্রিমেন্টে সই করিয়ে নেওয়া হয়। জমি লিজের পরিবর্তে তাঁকে এককালীন মাত্র ৫,২৯০ টাকা দেওয়া হয়েছিল। এরপর আর কোনও টাকা পাননি। শেখ শাহজাহান জেলে যাওয়ার পর বকেয়া লিজের টাকা পাওয়ার আশায় শিবু সর্দার বহুবার তাঁর স্ত্রী শেখ সাবিনার কাছে যান। শুরুতে টাকা দেওয়ার আশ্বাস মিললেও পরে নানা অজুহাত দেখিয়ে তাঁকে ক্রমাগত এড়িয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে।
শিবু সর্দার এ-ও অভিযোগ করেছেন যে, জমি লিজের বকেয়া টাকা ফেরত পেতে তিনি আগেও সিবিআই-এর কাছে লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। তাঁর অভিযোগ, বর্তমানে তাঁর জমিতে জোরপূর্বক মাছ চাষ করা হচ্ছে। লিজের টাকা না পাওয়ায় তিনি আর্থিক সংকটে রয়েছেন। এরই মধ্যে তাঁর স্ত্রী গুরুতর ক্যান্সারে আক্রান্ত এবং চিকিৎসার জন্য বিপুল টাকার প্রয়োজন। এমন পরিস্থিতিতে বকেয়া টাকা না মেলায় পরিবার সমস্যার সম্মুখীন হচ্ছে।
শিবু সর্দারের দাবি, জমি লিজের পরিবর্তে বর্তমানে প্রায় পাঁচ লক্ষ টাকা বকেয়া রয়েছে। এই টাকা আদায়ের জন্য তিনি এবার রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছেও সাহায্যের আবেদন জানিয়েছেন। জমি লিজের বকেয়া টাকা ফেরত পেতে তিনি প্রশাসনিক ও রাজনৈতিক স্তরে হস্তক্ষেপের দাবি জানাচ্ছেন। সন্দেশখালির বিজেপি নেত্রী মাম্পি দাসের মাধ্যমে এই বিষয়টি সামনে এসেছে।

