মোটরযানের বকেয়া করের জরিমানায় ১০০ শতাংশ ছাড় ঘোষণা রাজ্য সরকারের, বড় স্বস্তি গাড়ির মালিকদের

কলকাতা : মোটরযানের বকেয়া করের জরিমানায় ১০০ শতাংশ ছাড় দেওয়ার কথা ঘোষণা করল রাজ্য সরকার। সোমবার এই প্রসঙ্গে রাজ্যের পরিবহণ মন্ত্রী অর্জুন সিং জানান, গাড়ির মালিকদের আর্থিক স্বস্তি দিতে পরিবহণ দফতরের পক্ষ থেকে এই বিশেষ এককালীন ছাড় প্রকল্প ২০২৬-২৭ চালু করা হয়েছে।

​সোমবার, ২৩ নভেম্বর পরিবহণ দফতরের তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, বকেয়া মোটরযান করের ওপর জমা হওয়া জরিমানায় ১০০ শতাংশ ছাড় পাওয়া যাবে। তবে এই বিশেষ সুবিধা পেতে হলে গাড়ির মালিকদের আগামী ৩১ ডিসেম্বরের মধ্যেই সম্পূর্ণ বকেয়া মূল কর পুরোপুরি মিটিয়ে দিতে হবে।

​এর পাশাপাশি, মেয়াদ উত্তীর্ণ ফিটনেস সার্টিফিকেট বা শংসাপত্র নবীকরণের ক্ষেত্রেও বিশেষ ছাড়ের ব্যবস্থা করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে, মেয়াদ শেষ হওয়ার পর ৩০ দিনের কম বিলম্ব হলে প্রতিদিন ৫০ টাকা হারে এবং ৩০ দিন বা তার বেশি দেরি হলে এককালীন ১,৫০০ টাকা জরিমানা দিয়ে ফিটনেস শংসাপত্র নবীকরণ করা যাবে।

​পরিবহণ দফতর সূত্রে জানা গিয়েছে, পশ্চিমবঙ্গে নিবন্ধিত বাণিজ্যিক বা পরিবহণ এবং ব্যক্তিগত—উভয় ধরনের গাড়িই এই প্রকল্পের আওতাভুক্ত থাকবে। প্রকল্পের সুবিধা গ্রহণ করতে হলে নির্ধারিত সময়সীমার মধ্যে বকেয়া কর ও নির্ধারিত ফি জমা দিয়ে প্রয়োজনীয় নথিপত্র নবীকরণ করতে হবে। এই বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য সংশ্লিষ্ট আরটিও বা এআরটিও অফিসে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে রাজ্যের পরিবহণ দফতর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *