ইংরেজিতেও রাজ্যের নাম হচ্ছে ‘পশ্চিমবঙ্গ’, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

কলকাতা : এবার ইংরেজিতেও রাজ্যের নাম ‘ওয়েস্ট বেঙ্গল’-এর পরিবর্তে ‘পশ্চিমবঙ্গ’ হতে চলেছে। সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই ঐতিহাসিক সিদ্ধান্তে অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী ৯ তারিখ রাজ্য বিধানসভায় এই সংক্রান্ত প্রস্তাব পেশ করা হবে।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, ইংরেজিতেও রাজ্যের নাম ঠিক ‘পশ্চিমবঙ্গ’-ই লিখতে হবে। তিনি বলেন, “আজ মন্ত্রিসভা এতে অনুমোদন দিয়েছে এবং আগামী ৯ তারিখ আমরা বিধানসভায় এই প্রস্তাব আনব। বিধানসভায় পাশ হওয়ার পর তা অনুমোদনের জন্য ভারত সরকারের কাছে এবং পরবর্তীতে সংসদে পাঠানো হবে।”

এই নাম পরিবর্তনের নেপথ্যে ঐতিহাসিক প্রেক্ষাপটের কথা তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন, “এটি ইতিহাসের বিষয়— ১৯৪৭ সালে পশ্চিমবঙ্গ গঠনের সঙ্গে জড়িত ইতিহাস। এই পরিবর্তন হওয়া উচিত। তাই ‘ওয়েস্ট বেঙ্গল’-এর পরিবর্তে রাজ্যের নাম হবে ‘পশ্চিমবঙ্গ’।”

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আরও জানান, এ রাজ্যে ‘গোমাতা’-কে হত্যা করতে দেওয়া হবে না। এই সংক্রান্ত বিলও আনা হবে। তিনি জানান, আইন থাকার পরেও লুকিয়ে চুরিয়ে কোথাও কোথাও গোহত্যা চলছে। তবে সেই নিয়ে দ্রুত পদক্ষেপও করা হচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি, রাজ্যে বয়স্ক গরুর লালন-পালনের জন্য গোশালাগুলিকে বছরে এক লক্ষ টাকা দেওয়ার কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *