কলকাতা : উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়িকা রেখা পাত্র গুরুতর অসুস্থ। কলকাতার হাসপাতালে তিনি চিকিৎসাধীন। তাঁর শরীরে বিষক্রিয়া রয়েছে বলে খবর। শনিবার রাত ৯টা নাগাদ রেখা তাঁর হিঙ্গলগঞ্জের বাড়িতেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তড়িঘড়ি তাঁকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে প্রাথমিক চিকিৎসার পর শারীরিক অবস্থার অবনতি হয়। তাঁকে স্থানান্তরিত করা হয় বসিরহাট সুপারস্পেশালিটি হাসপাতালে।
সেখানে সিসিইউ-তে ভর্তি করানো হয়েছিল রেখাকে। কিন্তু তাঁর শারীরিক অবস্থার তেমন কোনও উন্নতি হয়নি। এর পরেই বিধায়িকাকে কলকাতায় স্থানান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয়। শহরের একটি হাসপাতালে তিনি চিকিৎসাধীন। অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
চিকিৎসক যুধাজিৎ সেনগুপ্তের তত্ত্বাবধানে আইটিইউয়ের ১০ নম্বর বেডে চিকিৎসাধীন রেখা। ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে তাঁকে। শরীরে বিষক্রিয়ার প্রভাব রয়েছে। তাঁর খোঁজখবর নিতে রবিবার সকালে হাসপাতালে যান স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়।

