বান্দরদেওয়া (অরুণাচল প্রদেশ) : জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বড়সড় ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার অরুণাচল প্রদেশের বান্দরদেওয়ায় ‘প্রেসিডেন্ট’স পুলিশ কালার অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে তিনি জানান, কাশ্মীর উপত্যকায় এখন আর একজনও স্থানীয় জঙ্গি অবশিষ্ট নেই; বর্তমানে সেখানে যাঁরা সক্রিয় রয়েছে, তারা প্রত্যেকেই বিদেশি জঙ্গি।
কাশ্মীর পুলিশের সাম্প্রতিক সাফল্যের কথা উল্লেখ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “কাশ্মীরের পুলওয়ামায় একটি এনকাউন্টারে লস্করের সঙ্গে যুক্ত শেষ পরিচিত সক্রিয় কাশ্মীরি জঙ্গিকে নিকেশ করেছে কাশ্মীর পুলিশ। এর সঙ্গেই এখন আমি গর্বের সঙ্গে বলতে পারি যে, কাশ্মীর উপত্যকায় এখন আর একজনও স্থানীয় জঙ্গি বেঁচে নেই। সেখানে যাঁরা অবশিষ্ট রয়েছে, তারা সবাই বিদেশি জঙ্গি।”
নব্বইয়ের দশকের কাশ্মীরের ভয়াবহ পরিস্থিতির সঙ্গে বর্তমান অবস্থার তুলনা টেনে এবং ৩৭০ ধারা বাতিলের বিরোধিতাকারী বিরোধী দলগুলিকে নিশানা করে অমিত শাহ বলেন, “আমি দেশের মানুষকে ১৯৯০-এর দশকের কাশ্মীর উপত্যকার পরিস্থিতির কথাও মনে করিয়ে দিতে চাই— এমন একটা সময় ছিল যখন অনেকেই প্রশ্ন তুলতেন যে আমরা আর কতদিন কাশ্মীরকে ধরে রাখতে পারব। সন্ত্রাসবাদ তখন চরমে ছিল; তৎকালীন মুখ্যমন্ত্রী নিজেই ইংল্যান্ডে চলে গিয়েছিলেন। তবুও, আমাদের নিরাপত্তা বাহিনীর বীরত্বই কাশ্মীরকে দেশের সঙ্গে অটুট রেখেছিল। ২০১৯ সালে যখন ৩৭০ ধারা বাতিল করা হয়েছিল, তখন সমগ্র বিরোধী দল একজোট হয়ে প্রশ্ন তুলেছিল, ‘৩৭০ ধারার সাথে সন্ত্রাসবাদের কী সম্পর্ক?’ আজ পরশুরামের এই পুণ্যভূমিতে দাঁড়িয়ে আমি সমগ্র দেশকে গর্বের সাথে বলতে পারি যে, ৩৭০ ধারা বাতিল করার ফলে কাশ্মীরের যুবকদের মধ্যে বিচ্ছিন্নতাবাদের মানসিকতার অবসান ঘটেছে। এর ফলস্বরূপ, আজ কাশ্মীর উপত্যকায় একজনও কাশ্মীরি যুবক জঙ্গি নেই। এটি আমাদের সকলের জন্য অত্যন্ত গর্ব ও সম্মানের বিষয়।”
অন্যদিকে, অরুণাচল প্রদেশের কৌশলগত গুরুত্ব এবং সীমান্ত সুরক্ষা প্রসঙ্গে বলতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্য পুলিশের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, “অরুণাচল প্রদেশের ১,৮৬৩ কিলোমিটার দীর্ঘ আন্তর্জাতিক সীমান্ত রয়েছে— যার মধ্যে চিনের সঙ্গে ১,১২৬ কিলোমিটার, মায়ানমারের সঙ্গে ৫২০ কিলোমিটার এবং ভুটানের সঙ্গে ২১৭ কিলোমিটার সীমান্ত বিস্তৃত। এই দীর্ঘ আন্তর্জাতিক সীমান্তের কথা মাথায় রাখলে অরুণাচল প্রদেশের নিরাপত্তা ও শান্তি কেবল এই রাজ্যের জন্যই নয়, বরং সমগ্র দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাছাড়া, এই রাজ্যটি এমন এক অঞ্চলের দোরগোড়ায় অবস্থিত যাকে ‘ডেথ ট্রায়াঙ্গেল’ বলা যেতে পারে। যেহেতু এই ‘ডেথ ট্রায়াঙ্গেল’ থেকে মাদক ও নিষিদ্ধ ড্রাগ দেশের বাকি অংশে পাচার হয়, তাই এই ‘নার্কো-ট্রেড’বা মাদক ব্যবসা রুখতে অরুণাচল প্রদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।”

