চিপস থেকে শিপস – প্রতিটি ক্ষেত্রে সক্ষমতা গড়ে তুলছে ভারত : প্রধানমন্ত্রী

খড়গপুর : ভারতের সেমিকন্ডাক্টর শিল্পের অভাবনীয় অগ্রগতির কথা তুলে ধরে পূর্ববর্তী সরকারের নীতিগত ব্যর্থতা এবং নেতিবাচক মানসিকতার কড়া সমালোচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার আইআইটি খড়গপুরের গৌরবময় ৭৫ বছর পূর্তি তথা প্ল্যাটিনাম জুবিলি উদযাপন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি জানান, মাত্র চার বছরের মধ্যে দেশে একাধিক সেমিকন্ডাক্টর কারখানা চালু হয়েছে এবং ভারত ইতিমধ্যেই চিপ রফতানিও শুরু করে দিয়েছে।

সেমিকন্ডাক্টর মিশন শুরুর সময়কার বিরোধিতার কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, “আমি যখন ‘ইন্ডিয়া সেমিকন্ডাক্টর মিশন’ চালু করেছিলাম, তখন অনেকেই এর প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তাঁদের যুক্তি ছিল, বহু দেশ কয়েক দশক ধরে সেমিকন্ডাক্টর তৈরি করছে এবং এই ক্ষেত্রে প্রবেশ করতে ভারত অনেক দেরি করে ফেলেছে। এটি আমাদের চিন্তার সীমাবদ্ধতাকেই প্রতিফলিত করেছিল। আপনারা জেনে অবাক হবেন যে, আজ থেকে ৫০ বছর আগে একটি সংস্থা ভারতে সেমিকন্ডাক্টর তৈরির জন্য এসেছিল, কিন্তু তাদের ফিরিয়ে দেওয়া হয়েছিল।”

নিজের সরকারের দৃঢ় সংকল্পের কথা তুলে ধরে নরেন্দ্র মোদী বলেন, “আমি যখন সেমিকন্ডাক্টর মিশনের ঘোষণা করি, তখনও কেউ কেউ বলেছিলেন যে অনেক দেরি হয়ে গিয়েছে। কিন্তু আমি দৃঢ়প্রতিজ্ঞ ছিলাম যে ভারত হাত গুটিয়ে বসে থাকবে না। আমরা উদ্যোগ নিয়েছি, পরিকল্পনা অনুযায়ী কাজ করেছি এবং আজ, মাত্র চার বছরের মধ্যেই সারা দেশে একাধিক সেমিকন্ডাক্টর কেন্দ্র চালু হয়েছে। ভারত ইতিমধ্যেই চিপ রপ্তানি করতেও শুরু করেছে।”

এই সাফল্যে আইআইটি খড়গপুরের প্রাক্তনীদের অবদানের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, “আপনাদের প্রতিষ্ঠানের বহু প্রাক্তনী আজ এই সেমিকন্ডাক্টর কেন্দ্রগুলির নেতৃত্ব দিচ্ছেন এবং সেগুলি পরিচালনা করছেন। আগামী দিনে সামনে অফুরন্ত সুযোগ রয়েছে। চিপস থেকে শুরু করে শিপস— ভারত এখন প্রতিটি ক্ষেত্রেই নিজস্ব সক্ষমতা গড়ে তুলছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *