ওয়াশিংটন ও নয়াদিল্লি : আন্তর্জাতিক স্তরে বড়সড় পদক্ষেপ নিল আমেরিকার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এফবিআই। কুখ্যাত গ্যাংস্টার সতীন্দরজিৎ সিং জুনিয়র ওরফে ‘গোল্ডি ব্রার’-এর নাম নিজেদের ‘টেন মোস্ট ওয়ান্টেড ফিউজিটিভস’ বা শীর্ষ দশ মোস্ট ওয়ান্টেড পলাতক অপরাধীর তালিকায় যুক্ত করেছে এফবিআই।
এফবিআই-এর তরফে জানানো হয়েছে, গোল্ডি ব্রার আন্তর্জাতিক অপরাধ চক্র ‘লরেন্স বিষ্ণোই অর্গানাইজড ক্রাইম গ্রুপ’-এর উত্তর আমেরিকার কথিত শীর্ষ নেতা। এই আন্তর্জাতিক অপরাধ সিন্ডিকেটটি মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডা জুড়ে একাধিক নৃশংস ও হিংসাত্মক অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত বলে অভিযোগ রয়েছে।
এফবিআই-এর বিবৃতি অনুযায়ী, এই অপরাধ চক্রের বিরুদ্ধে যে সমস্ত গুরুতর অভিযোগ রয়েছে তার মধ্যে অন্যতম হলো— রাজনৈতিক ও ধর্মীয় ব্যক্তিত্বদের হত্যা, গুলি চালানো, খুন, অপহরণ, তোলাবাজি, শারীরিক হামলা, মানব পাচার এবং মাদক ও আগ্নেয়াস্ত্র পাচার। আমেরিকা ও কানাডার মাটিতে এই সিন্ডিকেটের ক্রমবর্ধমান অপরাধমূলক নেটওয়ার্ক ভাঙতে এবং গোল্ডি ব্রারকে দ্রুত গ্রেফতার করতেই এফবিআই এই কড়া পদক্ষেপ গ্রহণ করেছে বলে মনে করছে আন্তর্জাতিক কূটনৈতিক ও নিরাপত্তা মহল।

