হাড়োয়া : জনবহুল এলাকা থেকে তাজা বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল উত্তর ২৪ পরগনার হাড়োয়ায়। ঘটনাটি ঘটেছে হাড়োয়া থানার অন্তর্গত হাড়োয়া গ্রাম পঞ্চায়েতের জ্যাঙালাটি গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার গ্রামের রাস্তার পাশে একটি তাজা বোমা পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। বিষয়টি নজরে আসতেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এরপর স্থানীয় বাসিন্দারা দ্রুত হাড়োয়া থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাস্তার পাশে পড়ে থাকা বোমাটি উদ্ধার করে নিয়ে যায়। প্রাথমিকভাবে সেটি তাজা বোমা বলে জানা গিয়েছে। তবে কীভাবে এবং কারা ওই বোমাটি সেখানে নিয়ে এল, তা এখনও স্পষ্ট নয়।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। জনবহুল রাস্তার পাশে কীভাবে বোমা পড়ে রইল, তা খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে হাড়োয়া থানার পুলিশ। বোমাটি কোথা থেকে এল এবং এর পিছনে কারা রয়েছে, তা জানতে তদন্তকারীরা বিভিন্ন দিক খতিয়ে দেখছেন। ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।

