নেতাজিকে শ্রদ্ধাজ্ঞাপন সেরে ফেরার পথে মমতাকে লক্ষ্য করে ‘চোর’ স্লোগান

কলকাতা : ফের মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ করে উঠল ‘চোর’ স্লোগান। মঙ্গলবার শ্যামবাজারে নেতাজির মূর্তিতে শ্রদ্ধাজ্ঞাপন সেরে মমতা ফেরার পথে তাঁকে উদ্দেশ করে বিজেপির কর্মী-সমর্থকরা স্লোগান তোলেন। সব মিলিয়ে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। ঘটনাস্থলে মোতায়েন হয় প্রচুর পুলিশ-কর্মী।

মঙ্গলবার বিকেলে শ্যামবাজারে নেতাজি মূর্তির পাদদেশে জমায়েত করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের কর্মীরা। নেতাজি মূর্তিতে মাল্যদান করেন মমতা। এরপর নিশানা করেন বিজেপিকে। স্বাধীনতা সংগ্রামীদের অপমান করা হচ্ছে বলেও তোপ দাগেন তিনি।

ফেরার সময় আচমকাই হাজির হন বিজেপির কর্মী-সমর্থকরা। মমতাকে লক্ষ্য করে চোর স্লোগান তোলেন তাঁরা। রাস্তায় বসে পড়ে কেউ কেউ স্লোগান তোলেন, ‘চোর হ্যায়, চোর হ্যায়, মমতা ব্যানার্জী চোর হ্যায়।’ ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। উপস্থিত পুলিশ পরিস্থিতি আয়ত্তে আনার চেষ্টা করে।

এদিকে বিজেপি কর্মীদের সাফ কথা, “বিপ্লবীদের শ্রদ্ধাজ্ঞাপনে আমরা বাধা দিইনি। ফেরার সময় চোরকে চোর বলেছি, এতে অসুবিধার তো কিছু নেই।”

প্রসঙ্গত, মঙ্গলবার বিপ্লবী ক্ষুদিরাম বসুর মৃত্যুদিন। সরকারের তরফে তাঁকে শ্রদ্ধা জানাতে একাধিক কর্মসূচির আয়োজন করা হয়। একইভাবে ক্ষুদিরাম বসুকে শ্রদ্ধা ও নেতাজিকে অপমানের জবাব দিতে ‘কালীঘাট তৃণমূলে’র তরফে কর্মসূচির আয়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen + 6 =