কলকাতা : রাজ্যে ক্ষমতায় আসার পর দলের মধ্যে থাকা বেনোজল বের করতে শুদ্ধকরণের পথ নিয়েছে বঙ্গ বিজেপি!
আগামী ২২ থেকে ৩০ আগস্ট জেলায় জেলায় প্রশিক্ষণ শিবির করবে বিজেপি। সেখানে যাঁরা বক্তা থাকবেন, তাঁদের প্রশিক্ষণ হবে ১৬ আগস্ট।
প্রস্তাবিত প্রশিক্ষণ শিবিরে থাকবেন বিজেপির সর্বভারতীয় যুগ্ম সম্পাদক (সংগঠন) শিবপ্রকাশ। এ ছাড়াও থাকবেন রাজ্য পর্যবেক্ষক সুনীল বনশল। এখবর জানিয়ে মঙ্গলবার দলের এক নেতা সংবাদমাধ্যমে জানান, “নিচুতলার বড় অংশে তোলাবাজি ও দলবিরোধী কাজকর্ম চলায় বিব্রত নেতৃত্বকে তা রুখতে বারবার কড়া ব্যবস্থার হুঁশিয়ারি দিতে হচ্ছে। সাসপেন্ডের সংখ্যা ছাড়িয়েছে আড়াইশোর বেশি।
সূত্রের খবর, দলবিরোধী অনৈতিক কার্যকলাপ কড়া হাতে নিয়ন্ত্রণ করার দায়িত্ব মূলত যাদের হাতে, সেই জেলা সভাপতিরাও অনেকেই সেই কাজে ব্যর্থ! তাই এবার একেবারে জেলাস্তরেও দলের খোলনলচে বদলাতে চলেছে রাজ্য বিজেপি।
এই প্রশিক্ষণ শিবির শেষ হওয়ার পরই সেপ্টেম্বরের ১৫ তারিখের মধ্যে জেলা সভাপতি বদলের প্রক্রিয়া সেরে নেওয়া হবে।
বিভিন্ন জেলায় বিজেপির একাধিক গোষ্ঠী রয়েছে। হাওড়া থেকে হুগলিতে দলের মধ্যেই ক্ষোভ-বিক্ষোভ থেকে গন্ডগোল প্রকাশ্যে আসছে। যাতে খুশি নয় আরএসএসও।

