নয়াদিল্লি : অবৈধ অনুপ্রবেশ চক্রের সঙ্গে জড়িত একটি মামলায় বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ, দিল্লি, উত্তর প্রদেশ এবং হরিয়ানার বেশ কয়েকটি জায়গায় তল্লাশি চালালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। অভিযোগ, একটি সংগঠিত চক্র রোহিঙ্গা ও বাংলাদেশি নাগরিকদের অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ ও জাল পরিচয়পত্র তৈরি করে ভারতের বিভিন্ন রাজ্যে বসবাসের ব্যবস্থা করার কাজ করছিল। অর্থ পাচার প্রতিরোধ আইন (পিএমএলএ), ২০০২-এর আওতায় এই অভিযান। ইডি-র লখনউ আঞ্চলিক কার্যালয়ের আধিকারিকরা বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং মুর্শিদাবাদ, হরিয়ানার ফরিদাবাদ, উত্তর প্রদেশের সাহারানপুরের দেওবন্দ, দিল্লি এবং আরও কয়েকটি স্থানে তল্লাশি চালায়। এই অভিযানে ডিজিটাল সরঞ্জাম, অন্যান্য বেশ কিছু নথিপত্র বাজেয়াপ্ত করেছে ইডি।
প্রাথমিক তদন্তে জানা গেছে, একটি সংগঠিত চক্র রোহিঙ্গা ও বাংলাদেশি নাগরিকদের অবৈধভাবে ভারতে প্রবেশ করানোর পর তাদের পরিচয় পরিবর্তনের কাজ করত। এর জন্য জাল আধার কার্ড, প্যান কার্ড এবং পাসপোর্ট তৈরি করা হতো। এরপর এইসব অনুপ্রবেশকারীদের দেশের বিভিন্ন প্রান্তে পাঠানো হতো কর্মসংস্থানের জন্য। ইডি-র তদন্তে উঠে আসে, কিছু দাতব্য সংস্থা বিপুল পরিমাণ বিদেশি অনুদান পাচ্ছিল। সেই অর্থ বেশ কয়েকটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এমনকি ভুয়ো অ্যাকাউন্ট এর মাধ্যমে অবৈধ কার্যকলাপে ব্যবহার করা হচ্ছিল।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটির অনুমান, সেই অর্থের একাংশ সন্দেহভাজনদের কাছে এই পৌঁছে দেওয়া হচ্ছিল। এও জানা গেছে, এই দাতব্য সংস্থাগুলি বিদেশ থেকে অর্থ সাহায্য পেয়ে সন্দেহভাজন অনুপ্রবেশকারীদের কাছে পাঠাতো, যাতে তাদের ভারতে স্থায়ীভাবে বসবাস ও জীবনধারণে তাদের সহায়তা করা যায়।

