কলকাতা : বৃহস্পতিবার রাস্তা পরিষ্কার করে কলকাতার ঐতিহ্যবাহী ইসকনের রথযাত্রার আনুষ্ঠানিক শুভ সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন ইসকনের রথযাত্রায় উপস্থিত থেকে পুজোয় অংশগ্রহণ করার পর রথের দড়িতেও টান দেন তিনি। এই পবিত্র উৎসবে শামিল হতে পেরে গভীর সন্তোষ প্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন, “কলকাতা ইসকনের রথযাত্রায় উপস্থিত থাকতে পেরে আমি ধন্য।”
এদিন নির্দিষ্ট সময়ে কলকাতা ইসকন মন্দিরে পৌঁছে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে উপস্থিত সকলের সঙ্গে জনসংযোগ করার পর তিনি জগন্নাথদেবের পুজো ও আরতিতে অংশ নেন। মহাপ্রভুকে সাষ্টাঙ্গ প্রণাম করতেও দেখা যায় তাঁকে। রথযাত্রার তাৎপর্য তুলে ধরে তিনি বলেন, “গীতার অমোঘ বাণীগুলিকে নিজের চলার পথের অংশ করে সমাজ ও জাতিকে কলুষতামুক্ত করে অশুভর বিরুদ্ধে শুভর লড়াই চলুক, এটাই প্রার্থনা করব।”
ধর্মীয় আচার পালনের পাশাপাশি এদিন রাজ্যের শিক্ষা ও সমাজকল্যাণমূলক ক্ষেত্রে এক বড়সড় যৌথ উদ্যোগের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, এবার স্কুলপড়ুয়াদের পুষ্টিকর খাদ্য বিতরণের জন্য ইসকনের সঙ্গে যৌথভাবে কাজ শুরু করেছে রাজ্য সরকার। এই প্রসঙ্গে তিনি বলেন, “আপনারা জানলে খুশি হবেন ইসকনের সঙ্গে রাজ্য সরকার যৌথ ভাবে কাজ শুরু করেছে। আমাদের ছাত্রছাত্রীদের পুষ্টিকর খাদ্য বিতরণের দায়িত্ব দেওয়া হয়েছে। আগামী ১ আগস্ট থেকে কলকাতা মহানগরে এই কাজ শুরু করবে ইসকন।” তিনি আরও যোগ করেন যে অন্যান্য বহু রাজ্যে ইসকন ইতিমধ্যেই অত্যন্ত দক্ষতার সঙ্গে এই দায়িত্ব পালন করছে।
এর পাশাপাশি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, শুধুমাত্র ইসকনই নয়, আগামী দিনে সামাজিক ও জনকল্যাণমূলক কাজের পরিধি আরও বাড়াতে ভারত সেবাশ্রম সংঘ এবং রামকৃষ্ণ মিশনের সঙ্গেও যৌথভাবে কাজ করবে রাজ্য সরকার। পবিত্র রথযাত্রা উপলক্ষে তিনি সমস্ত দেশ ও রাজ্যবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।

