হাওড়া : বিকশিত পশ্চিমবঙ্গের লক্ষ্যে কাজ চলছে, মঙ্গলবার নবান্ন সভাঘরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সাংবাদিক বৈঠকে জানিয়েছেন কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে সম্পন্ন, শক্তিশালী, সুরক্ষিত, আত্মনির্ভর এবং বিকশিত ভারতের লক্ষ্যে কাজ চলছে। কিন্তু পশ্চিমবঙ্গ বিকশিত না হলে এই সংকল্প পূরণ হয় না। অতীতে যখন বাংলায় এসেছি, তখন হৃদয় ভারাক্রান্ত হতো। কিন্তু এখন বিকশিত পশ্চিমবঙ্গের লক্ষ্যে কাজ চলছে।
শিবরাজ বলেন, গতির সঙ্গে বিকাশের কাজ হবে। পশ্চিমবঙ্গে ভিবিজি রামজি প্রকল্পের জন্য ৩১ মার্চ ভারত সরকার ৮,৫০৮ কোটি টাকা বরাদ্দ হয়েছে। এই অর্থরাশি শুধু রোজগার দেবে না, বরং বিকাশের কাজ গ্রামোন্নয়ন ক্ষেত্রে বড় ভূমিকা নেবে।
নবান্নে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ চৌহানের সঙ্গে এদিন বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কৃষিমন্ত্রীকে নবান্নে মঙ্গলবার সকালে স্বাগত জানান মুখ্যমন্ত্রী। নবান্ন চত্বরে একটি বৃক্ষরোপণ করেন তিনি। নবান্নে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ চৌহানের সঙ্গে বৈঠকের পরে মুখ্যমন্ত্রী বলেন, ‘মন্ত্রীজির সঙ্গে একাধিক কল্যাণকর যোজনা নিয়ে আলোচনা হয়েছে। আবাস যোজনার তালিকা সম্পূর্ণ হওয়ার আগেই ১ লক্ষ বাড়ির অনুমোদন দিয়েছে কেন্দ্র। গ্রাম সড়ক যোজনায় ১ হাজার কোটি টাকা দিয়েছে কেন্দ্র। ১২৫ দিনের কাজ প্রকল্পে ২ লক্ষ মানুষকে কাজ দেওয়া হবে। দার্জিলিং, আলিপুরদুয়ার, ঝাড়গ্রাম ও পুরুলিয়ায় ধনধান্য প্রকল্প হবে।”

