কলকাতা : উত্তর দমদমে খুন কুখ্যাত দুষ্কৃতী রাজা দত্ত। সোমবার ভোরে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের ধার থেকে তার রক্তাক্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। একাধিক গুলি ঝাঁঝরা করে দিয়েছে তার শরীর। এর আগে বেশ কিছু অপরাধের ঘটনার সঙ্গে রাজার নাম জড়িয়েছিল। পুলিশের খাতায় কুখ্যাত দুষ্কৃতী বলেই সে পরিচিত ছিল।
পুলিশ সূত্রে খবর, সোমবার ভোরে উত্তর দমদম পুরসভা এলাকার খলিসাকোটায় একটি গ্যারাজের ধারে রাজার দেহ পড়ে থাকতে দেখা যায়। তিনি বিরাটির বাসিন্দা ছিলেন। তার আরও দুই সঙ্গী আহত হয়েছেন।
তারা আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। রাজাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতাল এবং পরে আরজি কর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। পুলিশ এই খুনের ঘটনার তদন্তে নেমেছে।

