কলকাতা : অস্বস্তি বাড়ল কালীঘাট তৃণমূলের। ব্যাঙ্ক অ্যাকাউন্ট ‘ফ্রিজ’ হওয়ার মামলায় আইনি ধাক্কা খেল কালীঘাট তৃণমূল শিবির। এনিয়ে দ্রুত শুনানির আর্জি জানানো হয়েছিল। তবে সেই আর্জি মঙ্গলবার খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি সৌগত ভট্টাচার্য স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বিচার্য মামলার তালিকা (কজ লিস্ট) মেনেই শুনানি হবে, তালিকার বাইরে গিয়ে জরুরি ভিত্তিতে শুনানি সম্ভব নয়।
বিধানসভা ভোটের ফলাফলে ধরাশায়ী তৃণমূল কংগ্রেস। এরপরই দলের বেশিরভাগ বিধায়কই ‘বিদ্রোহী’। তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির সঙ্গে মাত্র কয়েকজন বিধায়ক। ঋতব্রত ব্যানার্জির নেতৃত্বে ‘বিদ্রোহী’ শিবির নিজেদের ‘আসল তৃণমূল’ বলে দাবি করেছে।
উভয় শিবিরই সংগঠনের নতুন পদাধিকারী নিয়োগ করে নির্বাচন কমিশনে পাঠিয়েছে। ফলে প্রশ্নের মুখে তৃণমূলের নেতৃত্বভার। এসবের মধ্যেই সংগঠনে অভ্যন্তরীণ কোন্দলের কথা উল্লেখ করে তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার আবেদন জানিয়েছিলেন দলের প্রাক্তন কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস।
এদিকে ‘বিদ্রোহী’রাও পুলিশের দ্বারস্থ হয়েছেন। ইতিমধ্যেই ফ্রিজ করে দেওয়া হয়েছে তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট। যা নিয়ে উদ্বিগ্ন কালীঘাটপন্থী তৃণমূল। এই পরিস্থিতিতে ‘ফ্রিজ’ হওয়া ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় দ্রুত শুনানির আর্জি জানানো হয়। তবে সেই আর্জি মঙ্গলবার খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট।

