ফলতা : ফলতার ত্রাস হিসেবে পরিচিত জাহাঙ্গির খানকে গ্রেফতার করলো পুলিশ। এই তৃণমূল নেতাকে নেপাল সীমান্ত থেকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স (এসটিএফ)।
সোমবার পুলিশ সূত্রে খবর, গ্রেফতার করে তাঁকে কলকাতায় নিয়ে আসা হচ্ছে। শোনা যাচ্ছে, নেপাল সীমান্ত দিয়ে পালানোর চেষ্টা করছিল জাহাঙ্গির। গোপন সূত্রে খবর পেয়ে সেখানে পৌঁছে যান এসটিএফ-এর আধিকারিকেরা।
রাজ্যে পালাবদলের পর জাহাঙ্গিরের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে সরব হন এলাকার বাসিন্দারা। বিধানসভা নির্বাচনে ফলতার তৃণমূল প্রার্থী ছিলেন জাহাঙ্গির। নির্বাচনের দিনেও একাধিক অনিয়মের অভিযোগ ওঠে। রাজ্য পুলিশের শীর্ষ কর্তাদের কথায়, জাহাঙ্গিরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

