তৃণমূল ভবনে কাউন্সিলরদের বৈঠক বাতিল মমতার

কলকাতা : তৃণমূল ভবনেও ডিম ছোড়ার আশঙ্কা! কাউন্সিলরদের উপর জনরোষ আছড়ে পড়ার সম্ভাবনা! আসতে নারাজ অনেক জনপ্রতিনিধি। তাতেই রবিবার বিকেলে বাইপাসের ধারে তৃণমূল ভবনে কাউন্সিলরদের নিয়ে বৈঠক বাতিল করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সূত্রের খবর, বিকেল সাড়ে তিনটেয় তৃণমূল ভবনে ডাকা কাউন্সিলরদের বৈঠকে বিজেপি বিক্ষোভ দেখাতে পারে। পাশাপাশি জনতা ডিম ছুড়তে পারেন বলেও শঙ্কা। এই খবর এসেছে তাদের কাছে। এহেন পরিস্থিতিতে পুরসভার অনেক কাউন্সিলরই বৈঠকে আসতে নিমরাজি। এই মর্মে বার্তাও যাচ্ছিল উচ্চ নেতৃত্বের কাছে। তাতেই বৈঠক বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।

ঠিক হয়েছে, পরে কোনও একটি গোপন জায়গায় কাউন্সিলরদের ডেকে নতুন মেয়র নির্বাচনের জন্য স্বাক্ষর করানোর প্রস্তুতি নিচ্ছে তৃণমূল।

রাজনৈতিক মহলের মতে, এই বৈঠক বাতিলের নেপথ্যে রয়েছে দলনেত্রীর আরও এক চতুর কূটনৈতিক চাল। সোমবারই দিল্লিতে বিরোধী জোট ‘ইন্ডি’-র হাইভোল্টেজ বৈঠকে যোগ দিতে উড়ে যাওয়ার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের। নির্বাচনী ভরাডুবির পর এটাই জোটের প্রথম বৈঠক। তার ঠিক আগের দিন কলকাতার বুকে তৃণমূল ভবনে ভাঙচুর বা দলীয় কাউন্সিলরদের গায়ে ডিম ছোড়ার মতো কোনও অপ্রীতিকর কেলেঙ্কারি ঘটলে, তা জাতীয় রাজনীতিতে দলের ভাবমূর্তির জন্য মোটেও ভাল হত না। কোনও রকম ঝুঁকি না নিয়ে শান্তিতেই জল মাপতে চাইলেন নেত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 4 =