কলকাতা : অন্নপূর্ণা যোজনা নিয়ে মিথ্যাচারের গুরুতর অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এর তদন্তে ‘সিট’ গঠন করার কথা জানালেন তিনি।
সোমবার তিনি সাংবাদিকদের বলেন, অন্নপূর্ণা যোজনা নিয়ে মিথ্যাচার করা হচ্ছিল। যাঁরা করছিলেন, তাঁরা নিজেরাই বিভিন্ন জায়গায় আবেদনপত্র পূরণের জন্য এগিয়ে এসেছেন। ২০ আধিকারিক জেলায় গিয়ে কাজ তদারকি করছেন। আশা করছি বুধবার বড় সংখ্যায় টাকা ট্রান্সফার হবে।
মুখ্যমন্ত্রী বলেন, সরকার জনগনকে বছরে ৩৬ হাজার টাকা দেবে, সহযোগিতা করুন না। আপনি ২০ টাকার ঢ্যাঁরস কিনতে গেলেও টিপে দেখেন। উচিত প্রাপকরা সবাই টাকা পাবেন। তাড়াহুড়ো করবেন না। যে ভোটার নয় সে কী করে সামাজিক ভাতা পেতে পারে? টাকাটা আপনার, কোনও পার্টির নয়।
মুখ্যমন্ত্রী বলেন, তৃণমূল কংগ্রেস নেতারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা লুট করেছেন। আমরা কাউকে ছাড়ব না। এর জন্য সিট গঠন করেছি। লুটেরাদের পার্টির প্রমাণ এটা। আইনের মাধ্যমে দমন করব। বিজেপি কর্মীদের বলব, কোথাও আইন হাতে তুলে নেবেন না। সরকারের উপর ভরসা রাখুন।
মুখ্যমন্ত্রী বলেন, ২২টি ভুয়া অ্যাকাউন্ট পাওয়া গেছে, যেখান থেকে মহিলারা নয় পুরুষরা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নিয়েছেন। এটার তদন্তের গতি আরও বাড়াতে বলা হয়েছে। ১টি অ্যাকাউন্ট লিঙ্ক করা রাকিবুল শেখের নামে, ১৫টি অ্যাকাউন্ট চালাচ্ছেন তুহিনা, ৬টি তারিকুল রহমানের নামে।

