কলকাতা : গ্রেফতার হতে পারেন এই আশঙ্কায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন রাজারহাট-গোপালপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূলের প্রাক্তন বিধায়ক তথা গায়িকা অদিতি মুন্সী এবং তাঁর স্বামী দেবরাজ চক্রবর্তী। বৃহস্পতিবার দু’জনেই হাইকোর্টে আগাম জামিনের আবেদন জানিয়েছেন। বিচারপতি জয়মাল্য সেনগুপ্ত তাঁদের মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন। শুক্রবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।
সূত্রের খবর, দিনকয়েক আগে অদিতি ও দেবরাজের বিরুদ্ধে আয়বহির্ভূত সম্পত্তির অভিযোগে বাগুইআটি থানায় একটি মামলা দায়ের করা হয়। অভিযোগ, নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামায় তাঁরা সঠিক আয় দেখাননি এবং তাঁদের আয়ের উৎস বহির্ভূত সম্পত্তি রয়েছে। এই মামলার ভিত্তিতেই পুলিশ তাঁদের গ্রেফতার করতে পারে বলে আশঙ্কা করছেন এই দম্পতি।
উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে রাজারহাট-গোপালপুর কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন অদিতি মুন্সী। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনেও তৃণমূল তাঁর ওপর ভরসা রাখলেও, এবার বিজেপি প্রার্থী তরুণজ্যোতি তিওয়ারির কাছে তিনি পরাজিত হন।
রাজ্যে নির্বাচনী ফল প্রকাশের পর থেকেই রাজনৈতিক উত্তাপ বাড়ছে। গত মঙ্গলবার রাতে দেবরাজ চক্রবর্তীকে পুলিশ আটক করলেও বুধবার ছেড়ে দেয়। তবে মঙ্গলবার রাতেই গ্রেফতার করা হয়েছে দেবরাজের ‘ডানহাত’ বলে পরিচিত অমিত চক্রবর্তীকে। গত ৪ মে ফল প্রকাশের দিন বিজেপির বিজয় মিছিলে হামলা এবং তেঘরিয়া মালঞ্চপাড়া এলাকার এক ব্যক্তিকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে অমিতকে পাকড়াও করা হয়েছে। এই একই ঘটনায় ইতিমধ্যেই বিধাননগর পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সমরেশ চক্রবর্তী এবং হেমন্ত চৌধুরীকেও গ্রেফতার করেছে পুলিশ। এবার নিজের ও স্বামীর গ্রেফতারির আশঙ্কা রুখতে আইনি কবচ চাইলেন অদিতি।

