১৬ লক্ষ টাকার বিদ্যুৎ বিল বকেয়া, তৃণমূল জেলা সভাপতির মেয়ের

মালদা : প্রায় ১৬ লক্ষ টাকার বিদ্যুৎ বিল বকেয়া থাকার অভিযোগে মালদার রতুয়া এলাকায় একটি বেসরকারি স্কুলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করল বিদ্যুৎ বন্টন দফতর। স্কুলটি জেলা তৃণমূল সভাপতি তথা মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বকসীর মেয়ে রেজিনা খাতুনের নামে রয়েছে বলে জানা গিয়েছে।

ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে।বিদ্যুৎ বন্টন কোম্পানি সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে বিদ্যুতের বিল পরিশোধ না করায় স্কুলটির বকেয়া বেড়ে দাঁড়ায় প্রায় ১৬ লক্ষ টাকা। এর মধ্যে ১১ লক্ষ টাকা মূল বকেয়া এবং প্রায় ৫ লক্ষ টাকা জরিমানা। একাধিকবার নোটিশ পাঠানো হলেও স্কুল কর্তৃপক্ষের তরফে কোনও সদুত্তর মেলেনি।

এরপর গত সপ্তাহে স্কুলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।এই ঘটনায় উত্তর মালদা বিজেপির সহ-সভাপতি অভিষেক মিশ্র তীব্র কটাক্ষ করে বুধবার অভিযোগ করেন, রাজনৈতিক প্রভাবের কারণেই এতদিন কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। অন্যদিকে বিদ্যুৎ বন্টন কোম্পানির মালদার রিজিওনাল ম্যানেজার সৌমেন দাস জানান, বিষয়টি নিয়ে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। যদিও আব্দুর রহিম বক্সী জানিয়েছেন, বকেয়া বিল মিটিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − 7 =