অভিষেকের সম্পত্তি সংক্রান্ত বিতর্কে বিবৃতি তৃণমূলের

কলকাতা : সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিপুল সম্পত্তি সংক্রান্ত বিতর্কে এ বার বিজেপি এবং সংবাদমাধ্যমের একাংশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করল তৃণমূল কংগ্রেস।

বুধবার একটি বিবৃতি প্রকাশ করে দলের তরফে দাবি করা হয়েছে, অভিষেকের সম্পত্তির যে খতিয়ান দেওয়া হয়েছে, তা মিথ্যা এবং মনগড়া।

সেই সঙ্গে তাদের এ-ও দাবি, কলকাতা পুরসভার জারি করা নোটিস বিজেপির তরফে অনৈতিকভাবে সংবাদমাধ্যমের হাতে তুলে দেওয়া হয়েছে। ওই বিবৃতিতে বলা হয়েছে, অভিষেকের সম্পত্তি বলে যে সমস্ত ঠিকানার কথা জানানো হয়েছে, সেখানে গিয়ে সাংবাদিকেরা দেখে আসতে পারেন যে, সেগুলি আদৌ ওঁর সম্পত্তি কিনা। সংবাদমাধ্যম যাতে এ বিষয়ে মিথ্যা খবর প্রচার না করে, সে ব্যাপারেও বলা হয়েছে ওই বিবৃতিতে।

তৃণমূলের বক্তব্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিপুল সম্পত্তির বিষয়টি সাজানো এবং এর কোনও আইনি বা প্রশাসনিক বিশ্বাসযোগ্যতা নেই। তথ্যের সত্যতা যাচাই না-করেই সংবাদমাধ্যমের একটি অংশ একতরফাভাবে এই খবরটি প্রচার করে চলেছে, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে দাবি তৃণমূলের। তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছে, একজন সাধারণ নৈতিকতাবোধ এবং পেশাদার সাংবাদিকও যদি ওই নোটিসে উল্লিখিত ঠিকানাগুলিতে যান তাহলে সত্যটা সামনে চলে আসবে। কিন্তু তা না-করে শুধুমাত্র বিজেপির সরবরাহ করা তথ্যের ওপর ভিত্তি করে একতরফা খবর পরিবেশন করা হচ্ছে। সংবাদমাধ্যমকে এই ধরনের বানানো পোস্ট এবং ভুয়ো খবর প্রচার করা থেকে বিরত থাকার এবং আরও বেশি সংবেদনশীল ও দায়িত্বশীল হওয়ার অনুরোধ জানিয়েছে তৃণমূল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × four =