নয়াদিল্লি : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। বুধবার শীর্ষ আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে, এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী ২২ মে।
ঘটনার সূত্রপাত কলকাতায় আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের আবাসন এবং তাঁর একটি অফিসে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) অভিযানকে কেন্দ্র করে। অভিযোগ, ইডি যখন তল্লাশি চালাচ্ছিল, তখন দু’টি জায়গাতেই সশরীরে হাজির হয়েছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, কেন্দ্রীয় এজেন্সির কাজে বাধা দেওয়া এবং তদন্ত প্রক্রিয়ায় হস্তক্ষেপ করা হয়েছে।
তদন্তে এই ধরণের হস্তক্ষেপের অভিযোগ তুলেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল ইডি। এদিন মামলাটি শুনানির জন্য উঠলেও তা পিছিয়ে যায়। আপাতত আগামী ২২ মে শীর্ষ আদালত এই বিষয়ে কী পর্যবেক্ষণ দেয়, সেদিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল।

